আইপিএলের নিয়ম বদলে ফেলার ডাক দিলেন সচিন তেন্ডুলকর!

আইপিএলের নিয়ম বদলে ফেলার ডাক দিলেন সচিন তেন্ডুলকর!

চলতি আইপিএলে ব্যাটারদের আকাশছোঁয়া দাপট এবং বোলারদের ক্রমাগত অসহায়ত্ব নিয়ে সরব হলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। টুর্নামেন্টের ফাইনালের ঠিক আগে মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সচিন সাফ জানালেন, ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য হারিয়ে গেছে। পরিসংখ্যান বলছে, চলতি মরশুমে ৩১ বার ইনিংসে ২২০-র বেশি রান উঠেছে এবং ছক্কার সংখ্যাও অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করেছে। ব্যাটিং সহায়ক উইকেট, ছোট বাউন্ডারি এবং বিশেষ করে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের কারণে বোলারদের পক্ষে লড়াই করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি।

ক্রিকেটের ভারসাম্য ফেরাতে সচিন বিসিসিআইয়ের সামনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রেখেছেন। প্রথমত, তিনি বিতর্কিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি পুরোপুরি তুলে দেওয়ার পক্ষে। তাঁর মতে, অতিরিক্ত ব্যাটার ব্যবহারের ফলে বোলারদের চ্যালেঞ্জ বহুগুণ বেড়ে যাচ্ছে এবং খেলাটি একপেশে হয়ে পড়ছে। দ্বিতীয়ত, পাওয়ার প্লে-র ক্ষেত্রেও পরিবর্তন চেয়েছেন তিনি। প্রথম ছয় ওভারের মধ্যে চার ওভার আগের মতো থাকলেও, বাকি দুই ওভার কখন ব্যবহার করা হবে সেই কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ফিল্ডিং দলের অধিনায়কের ওপর ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

বোলারদের অধিকার ও সমতা ফেরানোর দাবি

সচিনের তৃতীয় এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রস্তাবটি হলো বোলারদের কোটা বৃদ্ধি। বর্তমানে একজন বোলার সর্বোচ্চ চার ওভার বল করতে পারেন, কিন্তু সচিন মনে করেন এই সীমা বাড়িয়ে পাঁচ ওভার করা উচিত। তাঁর যুক্তি, সেরা ব্যাটাররা যেমন পুরো ২০ ওভার খেলার সুযোগ পেতে পারেন, তেমনি সেরা বোলারদেরও দীর্ঘসময় নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ থাকা প্রয়োজন। ক্রিকেটের এই কিংবদন্তির এমন জোরালো বার্তার পর বিসিসিআই ভবিষ্যতে নিয়মাবলীতে কোনো বড় পরিবর্তন আনে কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *