অভিষেকের জন্য সিআইডির ‘সিট’ গঠন! জখম সাংসদ আজ কি হাজিরা দেবেন ভবানী ভবনে?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনারপুরের নজিরবিহীন ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন প্রশাসনিক তৎপরতা শুরু হলো। সোমবার দুপুর ১২টার মধ্যে তাঁকে কলকাতার সিআইডি (CID) সদর দফতর ভবানী ভবনে তলব করা হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই সিআইডির ডিআইজি-র (DIG) নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠন করা হয়েছে। তবে শনিবারের হামলায় জখম হওয়ার পর বর্তমানে বাড়িতেই তাঁর চিকিৎসা চলায়, আজ তিনি হাজিরা দিতে পারবেন কি না, তা নিয়ে চরম রাজনৈতিক ও প্রশাসনিক জল্পনা তৈরি হয়েছে।
ডিআইজি-র নেতৃত্বে ৪ সদস্যের বিশেষ টিম
সিআইডি সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য যে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে, তার মাথায় রয়েছেন স্বয়ং ডিআইজি পদমর্যাদার এক শীর্ষ আধিকারিক। এই হাই-প্রোফাইল টিমে ডিআইজি ছাড়াও থাকছেন একজন ডিএসপি (DSP) এবং দু’জন অভিজ্ঞ ইন্সপেক্টর। আজ দুপুর ১২টার মধ্যেই অভিষেককে ভবানী ভবনে হাজির হওয়ার জন্য সুনির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছিল। তবে কোন মামলার প্রেক্ষিতে এই তলব, তা সিআইডির তরফে এখনও খোলসা করা হয়নি।
শারীরিক অসুস্থতা বনাম সিআইডি তলব
গত শনিবার বিকেলে সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় নিহত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে চরম হামলার মুখে পড়েন অভিষেক। উত্তেজিত জনতার মারধর ও ইট-পাথরের আঘাতে তাঁর বুকের মাঝে রক্ত জমে গিয়েছে বলে দাবি করেছেন চিকিৎসকেরা। কলকাতার দুটি বেসরকারি হাসপাতাল তাঁকে ভর্তি না নেওয়ায়, বর্তমানে বাড়িতেই আইটিইউ-এর মতো পরিকাঠামো তৈরি করে তাঁর চিকিৎসা চলছে।
এই পরিস্থিতিতে চিকিৎসাধীন ও শারীরিকভাবে অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আজ সশরীরে ভবানী ভবনে গিয়ে সিআইডির মুখোমুখি হওয়া কার্যত আসাম্ভব বলেই মনে করছে তাঁর ঘনিষ্ঠ মহল। দলের একাংশের মতে, বর্তমান বিজেপি সরকারের অঙ্গুলিহেলনেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই অসুস্থতার আবহেও তাঁকে তলব করা হয়েছে। শেষ পর্যন্ত অভিষেকের আইনজীবীরা সিআইডির কাছে সময় চেয়ে কোনো চিঠি পাঠান, নাকি সিআইডি আধিকারিকেরা পরবর্তী কী পদক্ষেপ নেন— এখন সেটাই দেখার।