দিল্লিতে শাহ-শুভেন্দু বৈঠক, অবৈধ অনুপ্রবেশ রুখতে বড় অ্যাকশন?

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশের মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়গুলি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও দুই শীর্ষ নেতার মধ্যে জোরদার আলোচনা হয়।
সীমান্ত সুরক্ষায় তৎপরতা
রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই সীমান্ত নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে জমি হস্তান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই জমি দেওয়ার কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে এবং বিএসএফ-এর উদ্যোগে বেশ কিছু এলাকায় কাঁটাতার বসানোর কাজও শুরু হয়ে গিয়েছে।
অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ
বিগত কয়েক বছর ধরেই রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও তার জেরে জনবিন্যাস পরিবর্তনের (ডেমোগ্রাফিক চেঞ্জ) অভিযোগ তুলে সরব ছিল বিজেপি। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও বিষয়টিকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছিল। পূর্বতন সরকারের আমলে জমি জটের কারণে সীমান্ত সুরক্ষার কাজ ব্যাহত হওয়ার অভিযোগ ছিল। কিন্তু বর্তমান সরকার সেই জট কাটিয়ে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতি কঠোরভাবে কার্যকর করেছে। বেআইনিভাবে বসবাসকারীদের পুশ ব্যাক করার প্রক্রিয়াও শুরু হয়েছে রাজ্যে। এই আবহে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর এই বিশেষ বৈঠক আগামী দিনে অনুপ্রবেশ রুখতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
पश्चिम बंगाल के मुख्यमंत्री श्री @SuvenduWB ने केन्द्रीय गृह मंत्री श्री @AmitShah से भेंट की। pic.twitter.com/pr9sblrqKq
— गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) June 5, 2026