বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ৫০০ বছরের পুরনো মসজিদ! মসজিদ কমিটির পালটা দাবি ঘিরে উত্তেজনা

উত্তরপ্রদেশের সম্ভল জেলায় সরকারি জমি দখলের অভিযোগে কড়া উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। শনিবার বিশাল পুলিশ বাহিনী ও রাজস্ব দফতরের আধিকারিকদের উপস্থিতিতে একাধিক বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল এলাকার ঐতিহ্যবাহী মুস্তফা কাদরি মসজিদ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সরকারি জমি দখলের অভিযোগ
প্রশাসনের দাবি, ১২০ বর্গমিটারের ওই জমিটি আদতে সরকারি সম্পত্তি। গত জানুয়ারিতে হওয়া রাজস্ব দফতরের একটি সমীক্ষায় তা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। অভিযোগ, সরকারি মালিকানার তথ্য গোপন করে প্রয়োজনীয় নথি ছাড়াই বেআইনিভাবে ওই মসজিদটিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে নথিবদ্ধ করা হয়েছিল। এই জালিয়াতির অভিযোগে ইতিমধ্যেই মসজিদ কমিটির সাতজন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
আইনি পদক্ষেপ ও উচ্ছেদ অভিযান
প্রশাসন সূত্রে খবর, এই জমি বিতর্কের জেরে গত ২১ এপ্রিল তহসিলদারের আদালত মসজিদ উচ্ছেদের নির্দেশ দেয়। পরবর্তীতে জেলা ম্যাজিস্ট্রেটের আদালতেও সেই সিদ্ধান্ত বহাল থাকে। আদালতের সেই নির্দেশের ভিত্তিতেই উত্তরপ্রদেশ রাজস্ব আইনের ৬৭ ধারা অনুযায়ী এই কড়া উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
মসজিদ কমিটির পালটা দাবি
অন্যদিকে, প্রশাসনের এই কড়া পদক্ষেপের বিরোধিতা করে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে মসজিদ কমিটি। তাঁদের এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি কোনো অবৈধ নির্মাণ নয়, বরং অন্তত ৫০০-৬০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপত্য। মসজিদ কমিটির পক্ষ থেকে প্রশাসনের আনা জমি দখলের সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।