রেল প্রকল্প বাস্তবায়নে গতি! রাজ্যে গঠিত হল বিশেষ টাস্ক ফোর্স

রেল প্রকল্প বাস্তবায়নে গতি! রাজ্যে গঠিত হল বিশেষ টাস্ক ফোর্স

রাজ্যে থমকে থাকা রেল প্রকল্পগুলোর বাস্তবায়নে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। রেল পরিকাঠামো উন্নয়ন এবং নতুন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে গঠন করা হয়েছে একটি বিশেষ টাস্ক ফোর্স। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে।

জট কাটাতে উদ্যোগী নবান্ন

কেন্দ্রীয় রেল মন্ত্রক এবং রাজ্য সরকারের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই ২০ সদস্যের কমিটিতে থাকছেন স্বরাষ্ট্র, পরিবহণ, ভূমি ও ভূমি সংস্কার এবং পূর্ত দপ্তরের শীর্ষ আধিকারিকরা। এছাড়াও, পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল, মেট্রো রেল, রেল বোর্ড এবং আরভিএনএল-এর প্রতিনিধিরাও এই কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা সমাধান, বিভিন্ন দপ্তরের মধ্যে প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি এবং প্রকল্প রূপায়ণে থাকা আইনি ও প্রশাসনিক জটিলতা দ্রুত দূর করাই এই টাস্ক ফোর্সের প্রধান লক্ষ্য।

প্রতি সপ্তাহে পর্যালোচনা

সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রাজ্য সফরের পর এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে রেলমন্ত্রী রাজ্যে এক লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি, থমকে থাকা প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশিকা অনুযায়ী, প্রতি সপ্তাহে প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করবে এই টাস্ক ফোর্স। এছাড়াও, প্রকল্পগুলোর অবস্থা খতিয়ে দেখতে মুখ্যসচিব নিজে প্রতি মাসে একটি করে বৈঠক করবেন। এই যৌথ উদ্যোগের ফলে দীর্ঘদিনের অমীমাংসিত রেল প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *