আইএসএল নিয়ে কাটল জট, নতুন ক্লাব মডেলে শুরু হতে চলেছে টুর্নামেন্ট!

দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে স্বস্তির খবর ভারতীয় ফুটবলে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের নীতিগত সম্মতির পর ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান ঘটতে চলেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ৪ সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে দেশের এই মেগা ফুটবল টুর্নামেন্ট। আগামী ১৫ জুন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
নয়া ক্লাব মডেল এবং তার সম্ভাব্য প্রভাব
দীর্ঘ প্রশাসনিক অচলাবস্থা এবং টুর্নামেন্ট নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, মূলত সেই আর্থিক সংকট কাটাতেই এই নতুন ‘ক্লাব মডেল’-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই মরসুমের (২০২৬-২৭ এবং ২০২৭-২৮) জন্য এই ব্যবস্থা একটি পাইলট প্রকল্প হিসেবে পরিচালিত হবে। নতুন নিয়মে ক্লাবগুলো স্পনসরশিপ ও বিপণনের মতো বাণিজ্যিক দিকগুলো নিজেরাই সামলাবে। এর ফলে ফ্র্যাঞ্চাইজিগুলির নিজেদের আর্থিক লোকসান কাটিয়ে ওঠা অনেকটাই সহজ হবে। অন্যদিকে এআইএফএফ কেবল তদারকির দায়িত্বে থাকবে। এছাড়া ভবিষ্যৎ বাণিজ্যিক ও সম্প্রচার অধিকার সংক্রান্ত আলোচনায় যুক্ত থাকবে গ্লোবাল স্পোর্টস ডেটা কো ম্পা নি জিনিয়াস স্পোর্টস।
চূড়ান্ত আইনি চুক্তির অপেক্ষা
এআইএফএফ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম. সত্যনারায়ণ জানিয়েছেন, ক্লাবগুলোর এই প্রস্তাবে ক্রীড়া মন্ত্রক এবং ফেডারেশন নীতিগতভাবে সম্মতি দিলেও কিছু আইনি বিষয় চূড়ান্ত করা বাকি। ইতিমধ্যেই প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে আইনি চুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তির ফলে ক্লাব, খেলোয়াড় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রসঙ্গত, দেশীয় ফুটবলের অন্যতম বড় টুর্নামেন্ট ডুরান্ড কাপও আগামী ২৫ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।