বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে কি ভাবছে রাজ্য? স্পষ্ট অবস্থান চাইল হাইকোর্ট
/indian-express-bangla/media/media_files/2026/02/11/beldanga-2026-02-11-12-57-47.jpg?w=1200&resize=1200,675&ssl=1)
মুর্শিদাবাদের বেলডাঙার অশান্তির ঘটনায় এনআইএ-র তদন্ত কি প্রয়োজন? এই নিয়ে এবার রাজ্যের কাছে অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। গত ৫ মে বেলডাঙায় এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে ব্যাপক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কেন্দ্রীয় সংস্থা এনআইএ-কে দেওয়া হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির আগেই রাজ্যকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।
ইতিমধ্যেই এই ঘটনায় এনআইএ আদালতে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। সূত্রের খবর, অশান্তির নেপথ্যে বৃহত্তর কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় সংস্থা। সরকারি সম্পত্তি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাগুলি গুরুত্ব সহকারে দেখছে এনআইএ।
মঙ্গলবার আদালতে রাজ্যের আইনজীবী জানিয়েছেন, এনআইএ তদন্তের ব্যাপারে রাজ্যের তেমন কোনো আপত্তি নেই। তবে, এই ঘটনায় ইউএপিএ (UAPA) বা ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’ প্রয়োগের পদ্ধতিগত বিষয়গুলি নিয়ে রাজ্যের কিছু সংশয় রয়েছে। সেই বিষয়ে রাজ্য তাদের বিস্তারিত বক্তব্য পেশ করতে চায়, যার জন্য কিছুটা সময় প্রয়োজন। আদালতের ডিভিশন বেঞ্চ রাজ্যের এই আর্জি মেনে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে।
এখন বৃহস্পতিবার শুনানির সময় রাজ্য সরকার ঠিক কী অবস্থান নেয়, সেটাই দেখার বিষয়। রাজ্যের সেই অবস্থানের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে বেলডাঙার এই স্পর্শকাতর মামলার তদন্তভার রাজ্য পুলিশের হাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি পুরোপুরি এনআইএ-র স্ক্যানারে চলে যাবে মুর্শিদাবাদের এই অশান্ত এলাকা। ঘটনাটির গুরুত্ব বুঝে হাইকোর্টের এই তৎপরতা রাজনৈতিক মহলেও যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।