দিল্লি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নীতি আয়োগের বৈঠকে যোগদানের পাশাপাশি নজরে রাজ্যের স্বার্থ

বুধবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল ১০টা ১৫ মিনিটের বিমানে তিনি রাজধানীতে রওনা দেবেন। দিল্লিতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে। বৈঠকটি বিকেল পর্যন্ত চলতে পারে। বুধবার দিল্লিতেই রাত্রিবাস করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর বৃহস্পতিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।
ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের এক মাস পূর্ণ হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছ প্রশাসনে বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেকোনো ধরণের বিশৃঙ্খলা বা সরকারি কাজে বাধা বরদাস্ত করা হবে না বলে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সাধারণ মানুষকে যেকোনো সমস্যায় সরাসরি পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি, অভিযোগ দ্রুত ও কঠোরভাবে নিষ্পত্তির জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীও বেশ সক্রিয় ভূমিকা পালন করছে।
প্রশাসনিক কাজে স্বচ্ছতা ফেরাতে ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার মতো প্রকল্পগুলিতে নতুন নিয়ম চালু করেছে সরকার। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পর্যটন ও ধর্মীয় পরিকাঠামো নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দটি প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে পুরো কমপ্লেক্সটি ‘শ্রীশ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’ নামে পরিচিত হবে।
গত সরকারের আমলে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বারবার শিরোনামে উঠে এসেছিল। এবার দিল্লিতে গিয়ে রাজ্যের সার্বিক উন্নয়ন এবং দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কী বার্তা নিয়ে আসেন বা কী পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।