লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ! প্রতিবন্ধীর নথি চুরি করে তৃণমূল নেতার ‘কেলেঙ্কারি’

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ! প্রতিবন্ধীর নথি চুরি করে তৃণমূল নেতার ‘কেলেঙ্কারি’

রাজ্যের জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও এবার ভয়াবহ দুর্নীতির অভিযোগ। উত্তর ২৪ পরগনার অশোকনগরে এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে বছরের পর বছর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় কাঁকপুল এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

কীভাবে চলত দুর্নীতি?

অভিযোগের তীর অশোকনগরের বাসিন্দা তৃণমূল নেতা সমীর দে-র দিকে। এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ বিমল দাসের নথি ব্যবহার করে সমীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন। বৃদ্ধের অভিযোগ, সমীর তাঁকে আবাস যোজনার ঘর ও বৃদ্ধভাতা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কৌশলে তাঁর সমস্ত নথিপত্র হাতিয়ে নিয়েছিলেন। সেই নথি ব্যবহার করেই লক্ষ্মীর ভাণ্ডারে বিমলের নাম এন্ট্রি করিয়ে দেন সমীর। ২০২১ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ওই অ্যাকাউন্টে ঢুকছিল, যা বৃদ্ধকে না জানিয়ে একাই ভোগ করছিলেন ওই তৃণমূল নেতা।

উত্তাল অশোকনগর:

দীর্ঘদিন ধরে এই প্রতারণার কথা সামনে আসতেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। অভিযুক্ত সমীর দে স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় এতদিন মুখ খোলার সাহস পাননি কেউ। কিন্তু টাকা আত্মসাৎ ও আবাস যোজনার আসাম্পূর্ণ কাজের কথা জানাজানি হতেই জনতা সমীরের বাড়ির সামনে জড়ো হন। অভিযুক্ত বাড়িতে না থাকায় ক্ষুব্ধ জনতা তাঁর বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের ভাইকে আটক করেছে।

সরকার বদলের পর ফাঁস দুর্নীতির জাল:

১৫ বছরের তৃণমূল শাসনের অবসানের পর রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার লক্ষ্মীর ভাণ্ডারের বদলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালু করেছে। কিন্তু এই প্রকল্পের নথি যাচাই করতে গিয়েই একের পর এক চাঞ্চল্যকর দুর্নীতির চিত্র সামনে আসছে।

  • কোথাও মৃত ব্যক্তিদের নামে টাকা তোলা হচ্ছিল।
  • কোথাও পুরুষরা মহিলা সেজে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ করছিল।

সরকারি নথিপত্র যাচাইয়ের সময়ই এই জালিয়াতিগুলি একের পর এক সামনে আসছে। এবার সেই দুর্নীতি তালিকার নবতম সংযোজন হলো অশোকনগরের এই ঘটনা। অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *