হাসপাতালে গিয়ে মই বেয়ে ছাদে বিধায়ক! কেন এমন কাণ্ড? তুঙ্গে বিতর্ক

পাণ্ডুয়া: হাসপাতালের অব্যবস্থা আর অনিয়ম সরজমিনে খতিয়ে দেখতে গিয়ে অভিনব পদক্ষেপ নিলেন বিজেপি বিধায়ক তুষার মজুমদার। বুধবার হুগলির পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি যা দেখলেন, তাতে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন বিধায়ক। হাসপাতাল চত্বরে পড়ে থাকা আসাম্পূর্ণ নির্মাণকাজ খতিয়ে দেখতে এক পর্যায়ে মই বেয়ে হাসপাতালের ছাদেও উঠে পড়েন তিনি।
কী কী অনিয়ম চোখে পড়ল? ১. আসাম্পূর্ণ প্রতীক্ষালয়: হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে রোগী প্রতীক্ষালয়ের কাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে। বিধায়কের অভিযোগ, সরকারি লক্ষ লক্ষ টাকা খরচ হলেও কাজের গুণমান অত্যন্ত নিম্নমানের এবং এর পেছনে বড়সড় দুর্নীতি রয়েছে। ২. নিম্নমানের খাবার: হাসপাতালের রান্নাঘর বা ‘ডায়বেটিক সেল’ পরিদর্শনে গিয়ে বিধায়ক দেখেন, রোগীদের জন্য যে খাবার তৈরি হচ্ছে, তা অত্যন্ত নিম্নমানের। অসুস্থ রোগীদের এমন পুষ্টিহীন খাবার খাওয়ানো নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
বিধায়কের হুঁশিয়ারি: সাংবাদিকদের মুখোমুখি হয়ে তুষার মজুমদার বলেন, “রোগীদের স্বাস্থ্য নিয়ে এই ছিনিমিনি বরদাস্ত করা হবে না। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই অনিয়মের কড়া জবাবদিহি চেয়েছি। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানানো হবে।”
কী বলছেন বিএমওএইচ? পাল্টা জবাবে হাসপাতালের বিএমওএইচ মঞ্জুর আলম জানান, “দীর্ঘদিন ধরে রোগীদের খাবারের জন্য বরাদ্দ মাত্র ৫৫ টাকা। ২০০৫ সাল থেকে এই একই বাজেট চলছে। বাজেট বাড়ানো হলে খাবারের মান উন্নত করা সম্ভব। বিধায়ককেও বিষয়টি জানিয়েছি, এই বিষয়ে তাঁর সাহায্য প্রয়োজন।”