‘আমার তো ৬ সন্তান, ওরা কোথায় যাবে?’ ফরমে ৫টি ঘরের নিয়ম দেখে ক্ষুব্ধ ওয়াইসি!

হায়দরাবাদ: সরকারি ফরমের একটি নিয়ম নিয়ে এবার নজিরবিহীন প্রশ্ন তুললেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। এসআইআর (SIR) এনুমারেশন ফরমে সন্তানদের তথ্য নথিভুক্ত করার নিয়ম ঘিরেই তীব্র আপত্তি জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এই ফরমে সর্বোচ্চ পাঁচ সন্তানের তথ্য দেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা একেবারেই যুক্তিহীন।
ওয়াইসি ক্ষোভ প্রকাশ করে জানান, ফরমে মাত্র পাঁচটি ঘর রাখা হয়েছে। কিন্তু কারও যদি পাঁচের বেশি সন্তান থাকে, তবে বাকিদের তথ্য কোথায় লেখা হবে? নিজের উদাহরণ টেনে সাংসদ বলেন, “আমার নিজেরই তো ছয় সন্তান রয়েছে! তাহলে কি ষষ্ঠ সন্তানের তথ্য বাদ যাবে?”
তিনি আরও মনে করিয়ে দেন যে, ভারতে এমন কোনও আইন নেই যেখানে পাঁচের বেশি সন্তান থাকলে কারও ভোটাধিকার বা নাগরিক অধিকার কেড়ে নেওয়া যায়। ফলে সরকারি ফরমে এই ধরনের সীমাবদ্ধতা রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ওয়াইসির এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।