উস্কানিমূলক মন্তব্যের জের! ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় এফআইআর, গ্রেফতারের দাবি

উস্কানিমূলক মন্তব্যের জের! ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় এফআইআর, গ্রেফতারের দাবি

কলকাতার মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে উস্কানিমূলক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন মন্তব্য করার অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপি কর্মী সঞ্জয় পয়রা এই লিখিত অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, ফিরহাদ হাকিম অতীতে এমন কিছু উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য রেখেছিলেন, যা সমাজে ব্যাপক বিশৃঙ্খলা ও উত্তেজনা তৈরি করতে পারত।

অভিযোগকারী সঞ্জয় পয়রা জানান, অতীতে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তিনি এই বিষয়ে অভিযোগ জানানোর চেষ্টা করলেও প্রশাসনিক বাধার কারণে পুলিশ তখন অভিযোগ গ্রহণ করেনি। সে সময় তিনি বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন।

তার দাবি অনুযায়ী, পূর্বে সন্দেশখালির একটি উপনির্বাচনে মহিলাদের প্রতি আপত্তিকর শব্দ ব্যবহার করা, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মন্তব্য করা এবং ২০২৪ সালের ৩ জুলাই একটি সরকারি অনুষ্ঠানে ‘দাওয়াত-ই-ইসলাম’-এর প্রসঙ্গ টেনে আনা—এই সমস্ত বিষয় নিয়েই তিনি সরব হয়েছিলেন। কিন্তু তৎকালীন আইসি (ইনচার্জ) সেই অভিযোগ নেননি।

বর্তমানে পুলিশ এই অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করায় প্রশাসনের প্রশংসাও করেছেন সঞ্জয় বাবু। একই সঙ্গে তিনি ফিরহাদ হাকিমকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন। তবে এই গোটা বিষয়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক বা সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *