সোশ্যাল মিডিয়ায় সোনার গয়না দেখাতেই বিপত্তি! ভিডিও পোস্টের কয়েকদিনেই ইউটিউবারের বাড়িতে চুরি
June 11, 20268:12 am

শিবপুরী (মধ্যপ্রদেশ): সোশ্যাল মিডিয়ায় লাইক-ভিউয়ের চক্করেই কি ডেকে আনলেন চরম বিপদ? নিজের সোনার গয়না প্রদর্শন করে ভিডিও পোস্ট করেছিলেন ইউটিউবার রচনা গুর্জর। আর সেই ভিডিও আপলোড হওয়ার মাত্র কয়েক দিনের মাথাতেই তাঁর বাড়িতে ঘটে গেল এক দুর্ধর্ষ চুরির ঘটনা।
অভিযোগ, মাঝরাতে যখন রচনার পরিবারের সকলে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, ঠিক তখনই চোরেরা কায়দা করে বাড়িতে ঢোকে। ঘর থেকে নগদ টাকা, সোনার গয়না এবং রুপোর সামগ্রীসহ লক্ষাধিক টাকার সম্পত্তি নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিক অনুমান, ইউটিউব ভিডিও দেখেই রচনার বাড়িতে চুরির ছক কষেছিল দুষ্কৃতীরা। এই ঘটনা নেটপাড়ায় আরও একবার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।