ইস্তফা দিলেও কলকাতার জমা জল রুখতে ময়দানে ববি! পুরসভার মেগা বৈঠকে দিলেন বড় পরামর্শ

কলকাতা: মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ঠিকই, কিন্তু বর্ষায় কলকাতার জল জমার সমস্যা নিয়ে এখনও সমান চিন্তিত ফিরহাদ হাকিম (ববি)। বুধবার দক্ষিণ কলকাতার লেক টেরেস রোডের একটি কমিউনিটি হলে পুরসভার এক উচ্চপর্যায়ের প্রাক-বর্ষা প্রস্তুতি বৈঠকে যোগ দিলেন তিনি। পদত্যাগের পর এই প্রথম পুরসভার কোনো বৈঠকে দেখা গেল প্রাক্তন মেয়রকে।
কলকাতা পুরসভা সূত্রে খবর, এদিনের বৈঠকে দক্ষিণ কলকাতার পার্ক স্ট্রিট থেকে গড়িয়া (৬ থেকে ১০ নম্বর বরো) এবং বন্দর এলাকার (১৫ নম্বর বরো) বিভিন্ন ওয়ার্ডে বর্ষার জল জমা আটকানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফিরহাদ হাকিম বর্তমানে মেয়র না হলেও চেতলার ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং কলকাতা পোর্ট এলাকার বিধায়ক। বৈঠকে তিনি নিজের এলাকা সহ বন্দর অঞ্চলের জল জমার সমস্যা দ্রুত মেটাতে পুর কর্তৃপক্ষকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
বৈঠকে উপস্থিত পুর-প্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডে জানান, প্রাক্তন মেয়রের দেওয়া সমস্ত প্রস্তাব তাঁরা গুরুত্ব সহকারে নোট করেছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে দক্ষিণ কলকাতার ড্রেনেজ পাম্পিং স্টেশনগুলির পরিস্থিতি এবং অতিরিক্ত পাম্প ভাড়া করার বিষয়েও আলোচনা হয়। বৈঠক শেষে বেরিয়ে ফিরহাদ হাকিম শুধু এটুকুই বলেন, “ভালো আলোচনা হয়েছে।”