নেহরুর রেকর্ড ভেঙে ইতিহাসে মোদি! ‘মহান ও জ্ঞানী বন্ধু’ বলে দরাজ সার্টিফিকেট ট্রাম্পের

নয়াদিল্লি: দেশের রাজনৈতিক ইতিহাসে এক সোনালী ও নজিরবিহীন অধ্যায় তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জওহরলাল নেহরুর দীর্ঘ ৬২ বছরের রেকর্ড ভেঙে ভারতের ইতিহাসের ‘দীর্ঘতম’ সময়ের একটানা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। মোদির এই ঐতিহাসিক কীর্তিতে বিশ্বমঞ্চ থেকে ভেসে আসছে শুভেচ্ছার জোয়ার। আর এই তালিকায় সবথেকে নজর কেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা।
প্রধানমন্ত্রী মোদিকে নিজের ‘বন্ধু’ সম্বোধন করে ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমার বন্ধু নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা। উনি সত্যিই মহান, শক্তিশালী, স্বাস্থ্যবান এবং একজন জ্ঞানী মানুষ। ওঁর সামনে এখনও দীর্ঘ সাফল্য ও মহানতার বহু বছর পড়ে রয়েছে।” ট্রাম্পের পাশাপাশি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও মোদির ভূয়সী প্রশংসা করে জানিয়েছেন, নরেন্দ্র মোদি ভারতকে বদলে দিয়েছেন এবং দুই দেশের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
ভেঙে গেল নেহরুর ৬২ বছরের রেকর্ড
এতদিন পর্যন্ত দেশের ইতিহাসে একটানা সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ডটি ছিল জওহরলাল নেহরুর ঝুলিতে। ১৯NT৫২ সালের ১৩ মে থেকে ১৯৬৪ সালের ২৭ মে (মৃত্যুর দিন) পর্যন্ত একটানা ৪,৩৯৮ দিন ভারতের প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি। গত বুধবার, অর্থাৎ ১০ জুন, সেই রেকর্ড ভেঙে একটানা ৪,৩৯৯ দিন দেশের প্রধানমন্ত্রী পদের দায়িত্ব পালন করার অনন্য নজির গড়লেন নরেন্দ্র মোদি। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা তিনটি লোকসভা নির্বাচনে জয়লাভ করে এই মাইলফলক ছুঁলেন তিনি। এর আগে ২০২৫ সালের জুলাই মাসে তিনি ইন্দিরা গান্ধীর ৪,০৭৭ দিনের রেকর্ডও টপকে গিয়েছিলেন।
নজির গড়ার দিনেও লক্ষ্য ‘আত্মনির্ভর ভারত’
এই ঐতিহাসিক মুহূর্তেও প্রধানমন্ত্রীর মূল ফোকাস ছিল দেশের উন্নয়ন। নজির গড়ার দিনে দেশকে আরও একবার ‘আত্মনির্ভর’ করে তোলার ডাক দিয়ে মোদি বলেন, “গত ১২ বছর ধরে আমরা চেষ্টা করেছি শক্তিক্ষেত্রে ভারত যেন স্বনির্ভর হয়ে ওঠে। লাল কেল্লা থেকে যে ‘সমুদ্র মন্থন’ প্রকল্পের ডাক দেওয়া হয়েছিল, তাতে সম্প্রতি বড় সাফল্য মিলেছে। আগামী দিনে ৫০০ গিগাওয়াট পুনর্ব্যবহারযোগ্য শক্তি তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”