টাকার পর এবার থরে থরে তরোয়াল-ছুরি! সুরেন্দ্রনাথ কলেজে ফের অস্ত্র উদ্ধারে তীব্র চাঞ্চল্য

কলকাতা: ট্রলি ব্যাগ ভর্তি উইপোকায় কাটা টাকা উদ্ধারের রেশ কাটতে না কাটতেই আবারও বড়সড় চাঞ্চল্য ছড়াল কলকাতার ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজে। এবার কলেজের একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হলো একাধিক খাঁড়া ও ধারালো অস্ত্র। কলেজ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে ৬টি চকচকে তরোয়াল এবং ১টি বড় ছুরি।
এর আগে গত ২রা জুন এই কলেজেরই একটি ঘর থেকে দুটি ট্রলি ব্যাগ ভর্তি ১০০ ও ৫০০ টাকার নোটের বান্ডিল এবং একটি বন্দুক উদ্ধার হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার বিকেলে ফের নতুন করে বিপুল অস্ত্র মেলায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা কলেজ চত্বরে।
জানা গেছে, একই ক্যাম্পাসে সুরেন্দ্রনাথ কলেজ, সুরেন্দ্রনাথ আইন কলেজ এবং সুরেন্দ্রনাথ সান্ধ্যকালীন কলেজ পরিচালিত হয়। ঠিক পাশেই রয়েছে সুরেন্দ্রনাথ মহিলা কলেজ। মঙ্গলবার বিকেল নাগাদ সান্ধ্যকালীন কলেজের অধ্যক্ষ, ডে-কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক (টিচার-ইন-চার্জ) এবং অন্যান্য প্রবীণ অধ্যাপকদের উপস্থিতিতে কলেজের একটি বন্ধ এনএসএস (NSS) রুমের তালা ভাঙা হয়। আর সেই ঘর থেকেই থরে থরে সাজানো এই অস্ত্রগুলি উদ্ধার হয়।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া থানার পুলিশ। কলেজের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া তরোয়াল ও ছুরিগুলি ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে পরপর এই ধরণের ঘটনায় কলেজের নিরাপত্তা এবং পরিচালন ব্যবস্থার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ও শিক্ষা দফতর। তার মাঝেই এই নতুন অস্ত্র উদ্ধারের ঘটনা তদন্তকারীদের আরও ভাবিয়ে তুলেছে।