‘খাতা খোলা হবে ময়নাতদন্তের!’ স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসেই ‘থ্রেট কালচার’ ও অভয়া কাণ্ডে চরম হুঁশিয়ারি শারদ্বতের

‘খাতা খোলা হবে ময়নাতদন্তের!’ স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসেই ‘থ্রেট কালচার’ ও অভয়া কাণ্ডে চরম হুঁশিয়ারি শারদ্বতের

কলকাতা: অভয়া কাণ্ডে জড়িত কেউ ছাড় পাবেন না, সে তিনি যতই বড় ডাক্তার হোন না কেন! একই সাথে সম্পূর্ণ বন্ধ হবে সরকারি হাসপাতালের কুখ্যাত ‘থ্রেট কালচার’। বুধবার স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসেই এই কড়া অঙ্গীকার করলেন বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ তথা রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। দায়িত্ব নিয়েই তাঁর হুঁশিয়ারি, “কোন কোন ডাক্তার ময়নাতদন্ত করেছিল, কীভাবে হয়েছিল, এবার সমস্ত খাতা খোলা হবে।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করার পর ডা. শারদ্বত মুখোপাধ্যায় একে ‘জনগণের সাফল্য’ বলে উল্লেখ করেন। একজন বিশিষ্ট চিকিৎসককে স্বাস্থ্য ব্যবস্থার শীর্ষে পাওয়ায় স্বভাবতই খুশি বাংলার চিকিৎসক মহল। দায়িত্ব নিয়ে মন্ত্রী সাফ জানান, “কেউ দাদাগিরি করতে পারবে না। তবে বদলার বদলি বিজেপির সংস্কৃতি নয়। যে দোষী, আইন মেনে তারই বিচার হবে।”

দীর্ঘ ১৫ বছর পর স্বাস্থ্যভবনের চারতলায় নিজের ঘরে বসলেন একজন পূর্ণাঙ্গ স্বাস্থ্যমন্ত্রী। প্রথম দিনেই শীর্ষ পদাধিকারীদের সাথে দফায় দফায় বৈঠক করেন তিনি। নতুন স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি স্বাস্থ্যক্ষেত্রে অনেক ফাঁকফোকর আছে, যা খতিয়ে দেখতে মাসখানেক সময় লাগবে। তবে ডেন্টাল, ফার্মেসি, এবং সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি, পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ বাধ্যতামূলক করার জন্য শিক্ষাদপ্তরের কাছে আবেদন জানাবেন বলেও জানান তিনি।

একই দিনে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বলাগড়ের বিধায়ক সুমনা সরকার। তাঁর মূল লক্ষ্য গ্রামীণ ও জেলা স্তরের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা। সুমনা সরকার জানান, জেলা ও ব্লক স্তরের হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত করা হবে, যাতে কলকাতার বড় হাসপাতালগুলিতে অনর্থক ভিড় কমে। সেই সাথে চিকিৎসার জন্য রোগীদের দক্ষিণ ভারতে চলে যাওয়ার যে প্রবণতা রয়েছে, মেডিক্যাল কলেজ স্তরের পরিষেবাকে অত্যাধুনিক করে সেই প্রথাও তাঁরা ঘোচাতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *