ভাঙনের ঝড়েও দলবদল নয়! ‘মুখ্যমন্ত্রী শুভেন্দুর’ সাথে কাজ করা নিয়ে বড় বার্তা বাবুল সুপ্রিয়র

ভাঙনের ঝড়েও দলবদল নয়! ‘মুখ্যমন্ত্রী শুভেন্দুর’ সাথে কাজ করা নিয়ে বড় বার্তা বাবুল সুপ্রিয়র

কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরে যখন তীব্র ভাঙনের ঝড়, একের পর এক সাংসদ যখন দল ছাড়ছেন, তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতার ইস্তফা ও দলবদলের আবহে জোর জল্পনা তৈরি হয়েছিল বাবুলকে নিয়েও। অবশেষে সমস্ত জল্পনায় জল ঢেলে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তিনি।

ফেসবুকে একটি পোস্ট করে বাবুল সুপ্রিয় স্পষ্ট জানিয়েছেন, তিনি এখনও বর্তমান দল এবং তার নেতৃত্বের সঙ্গেই আছেন। তবে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পশ্চিমবঙ্গের পরিবর্তিত পরিস্থিতি ও মানুষের মতামতকে শ্রদ্ধা জানিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সহযোগিতা করেই কাজ করবেন বলে জানিয়েছেন। সাংসদ তহবিলের (MPLAD) টাকা যাতে রাজ্যের মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যবহার করা যায়, সেই চেষ্টাই তিনি করবেন বলে পোস্টে উল্লেখ করেন।

উল্লেখ্য, সায়নী ঘোষ, মালা রায় থেকে শুরু করে প্রকাশচিক বরাইকের মতো তৃণমূল সাংসদদের ইস্তফা ও বিদ্রোহী শিবিরে যোগদানের পর বাবুলের এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে গত ৪ জুনও দলবদলু ও বিদ্রোহীদের তীব্র আক্রমণ করেছিলেন বাবুল। তিনি লিখেছিলেন, যাঁরা একসময় কাজ হাসিল করতে নেত্রীর ঘনিষ্ঠ ছিলেন, আজ ক্ষমতার লোভে তাঁরাই দল ভাঙছেন। দুর্নীতিগ্রস্তদের দলে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছিলেন বলেও মন্তব্য করেছিলেন তিনি। একই সঙ্গে বাবুল বার্তা দিয়েছিলেন, দল ছাড়লে সাংসদ বা বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়া উচিত।

২০১৪ সালে বিজেপির হাত ধরে রাজনীতিতে আসা বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। পরে ২০২২ সালে তৃণমূলে যোগ দিয়ে বালিগঞ্জের বিধায়ক এবং ২০২৬-এ রাজ্যসভার সাংসদ হন। তৃণমূলের এই মহাসংকটের দিনেও তিনি দলের পাশেই থাকছেন, তবে রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *