তৃণমূলে মহাভাঙন! এবার রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন প্রকাশ চিক বরাইক, সংখ্যা কমে ১০

তৃণমূলে মহাভাঙন! এবার রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন প্রকাশ চিক বরাইক, সংখ্যা কমে ১০

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই যেন শনির দশা কাটছে না ঘাসফুল শিবিরের। একের পর এক বিধায়ক-সাংসদের দলত্যাগের জেরে এবার চরম সংকটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। লোকসভা এবং বিধানসভার পর এবার বড়সড় ধস নামল রাজ্যসভাতেও। সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেবের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রকাশ চিক বরাইক।

প্রকাশ চিক বরাইকের এই আচমকা পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে মাত্র ১০-এ এসে ঠেকল। আর এই সংখ্যাটাই এখন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করার জন্য যথেষ্ট। তবে এখানেই শেষ নয়, রাজনৈতিক অন্দরের খবর— আগামী এক সপ্তাহের মধ্যে তৃণমূলের আরও অন্তত তিনজন রাজ্যসভা সাংসদ পদত্যাগ করতে পারেন। যদিও সেই ‘বিদ্রোহী’ সাংসদেরা কারা, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তৃণমূলের অন্দরে ভাঙন এক নজিরবিহীন আকার নিয়েছে। ইতিমধ্যেই বিধানসভার ৬০ জন তৃণমূল বিধায়ক দল থেকে নিজেদের আলাদা করে নিয়েছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করে জোট বেঁধেছেন। অন্যদিকে লোকসভাতেও কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দলের ২০ জন সাংসদ বিদ্রোহী হয়ে এনডিএ (NDA)-কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সংসদে আলাদা বসার আবেদনও জানিয়েছেন।

লোকসভা ও বিধানসভার এই ক্ষতের রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যসভাতেও ভাঙন স্পষ্ট হলো। প্রথমে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করেন সুখেন্দু শেখর রায়, তারপর আসামের সুস্মিতা দেব এবং আজ সেই পথেই হাঁটলেন প্রকাশ চিক বরাইক। সব মিলিয়ে এই মুহূর্তে চরম রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে শাসক দল। এখন দেখার, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের এই একের পর এক রক্তক্ষরণ কীভাবে সামাল দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *