ডিজিটাল হচ্ছে বাংলার বিধানসভা! নতুন বিধায়কদের ট্রেনিং দিতে রাজ্যে আসছেন ওম বিড়লা

কলকাতা: এবার পুরোপুরি ‘পেপারলেস’ বা কাগজবিহীন হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা। সমস্ত কাজকর্ম হবে ডিজিটাল মাধ্যমে। বৃহস্পতিবার এই বড় ঘোষণা করলেন বিধানসভার নবনির্বাচিত স্পিকার রথীন্দ্রনাথ বসু। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিধানসভার অন্তত ২০০ জন নতুন বিধায়ককে ডিজিটাল কাজের প্রশিক্ষণ দিতে রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার কেন্দ্রের ‘নেভা’ (জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন) প্রকল্পে শামিল হওয়ার সিদ্ধান্ত নেয়। এই ডিজিটাল রূপান্তরকে সফল করতেই এবার বিধায়কদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বাজেট অধিবেশনের পরেই এই ট্রেইনিং সেশন অনুষ্ঠিত হবে, যেখানে ওম বিড়লা ছাড়াও উত্তরপ্রদেশ ও রাজস্থানের বিধানসভার অধ্যক্ষরাও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, বছর পাঁচেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের তৎকালীন তৃণমূল সরকারকে এই ‘নেভা’ প্রকল্পে যুক্ত হওয়ার আহ্বান জানালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাতে সাড়া দেয়নি। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার মাসখানেকের মধ্যেই কেন্দ্রের সঙ্গে এই নিয়ে সমঝোতাপত্র (MoU) সই হয়।
কী এই ‘নেভা’ ব্যবস্থা এবং কীভাবে উপকৃত হবেন আমজনতা?
- বিধায়কদের সুবিধা: বিধায়করা নোটিস বা প্রশ্ন জমা দেওয়া এবং যেকোনো প্রস্তাব আনার মতো সমস্ত কাজ অনলাইনেই করতে পারবেন।
- স্বচ্ছতা ও নাগরিক সুবিধা: এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষও বিধানসভার লাইভ অধিবেশন দেখতে পাবেন এবং আইনসভার কাজকর্মে নজর রাখার পাশাপাশি নিজেদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন।
স্পিকার রথীন্দ্রনাথ বসু জানান, বিধানসভার কাজকর্ম সম্পূর্ণ পেপারলেস হলে তথ্যের আদান-প্রদান অনেক সহজ হবে এবং আইনসভার কার্যপ্রণালীতে আরও বেশি স্বচ্ছতা আসবে, যার সরাসরি সুবিধা পাবেন রাজ্যের সাধারণ নাগরিকেরা।