পার্থর ঘরে বসার আগে গঙ্গার জল-পুজো! নবান্নে পা রেখেই ‘শুদ্ধিকরণ’ করতে চান নতুন মন্ত্রী বিশাল লামা

পার্থর ঘরে বসার আগে গঙ্গার জল-পুজো! নবান্নে পা রেখেই ‘শুদ্ধিকরণ’ করতে চান নতুন মন্ত্রী বিশাল লামা

কলকাতা: আগে হবে ঘরের ‘শুদ্ধিকরণ’, তারপর শুরু হবে সরকারি কাজ! নবান্নে নিজের জন্য বরাদ্দ ঘর দেখে এমনই অভিনব সিদ্ধান্ত নিলেন নতুন রাজ্যমন্ত্রী বিশাল লামা। কালচিনির বিধায়ক বিশাল লামাকে স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তাঁর বসার জন্য নবান্নের দোতলার দুটি ঘর ফাঁকা রাখা হয়েছিল। আজ, বৃহস্পতিবার সেই ঘর দুটিই পরিদর্শনে যান তিনি।

সেখানে গিয়েই বিশাল লামা জানতে পারেন, ফাঁকা থাকা ঘর দুটির একটিতে বসতেন রাজ্যের বর্তমান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং অন্যটিতে বসতেন নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রীদের নাম শুনেই রীতিমতো মাথায় হাত পড়ে নবাগত মন্ত্রীর। শেষ পর্যন্ত তিনি পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন ঘরটিকেই নিজের জন্য বেছে নেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই ঘরটি বন্ধ অবস্থায় পড়েছিল, সরিয়ে দেওয়া হয়েছিল তাঁর নেমপ্লেটও।

তবে জেলবন্দি প্রাক্তন মন্ত্রীদের ঘরে বসতে গিয়ে কোনো ঝুঁকি নিতে চান না বিশাল লামা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘরের প্রকৃত ‘শুদ্ধিকরণ’ করার পরেই তিনি কাজ শুরু করবেন। ইতিমধ্যেই ঘরটি নতুন করে সাজানোর জন্য পূর্ত দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, সেখানে পুজো করা বা গঙ্গাজল ছিটানোয় কোনো আইনি বাধা আছে কি না, তা-ও সরকারি অফিসারদের থেকে জেনে নেন। সবুজ সংকেত মিলতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের আপ্তসহায়ককে আগামীকালই ঘরে পুজোর এলাহি ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বিশাল লামা জানিয়েছেন, আগামীকাল ঘর সাজানো এবং পুজো সম্পন্ন হওয়ার পরেই তিনি অফিশিয়ালি নিজের চেয়ারে বসবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *