বিমানের সিট পেতে কি বাড়তি টাকা দিতেই হবে! জেনে নিন আসল নিয়ম

বিমানের টিকিট বুক করার পর আসন নির্বাচনের জন্য অতিরিক্ত টাকা দেওয়া নিয়ে যাত্রীদের মধ্যে প্রায়শই বিভ্রান্তি দেখা যায়। অনেকেই মনে করেন, টিকিটের সম্পূর্ণ মূল্য চোকাতে হলেও আলাদা করে টাকা না দিলে হয়তো বিমানে আসন পাওয়া যাবে না। তবে নিয়ম বলছে, বিমানের টিকিটের সঙ্গেই একটি আসন বরাদ্দ থাকে এবং সিট নির্বাচনের জন্য আলাদা ফি দেওয়া একেবারেই বাধ্যতামূলক নয়।
বাড়তি টাকা কখন দিতে হয়
কোনও যাত্রী যদি নিজে থেকে নির্দিষ্ট কোনও আসন বেছে না নেন, তবে চেক-ইনের সময় বিমান সংস্থা স্বয়ংক্রিয়ভাবে একটি সিট বরাদ্দ করে দেয়। এর জন্য কোনও অতিরিক্ত মূল্য চোকাতে হয় না। তবে জানালার ধারের সিট, সামনের সারি, জরুরি নির্গমন পথের কাছাকাছি বা অতিরিক্ত লেগস্পেসযুক্ত আসনের মতো ‘প্রেফার্ড সিট’ আগে থেকে সংরক্ষণ করতে চাইলে বিমান সংস্থাগুলি অতিরিক্ত ফি নিয়ে থাকে। আসন নির্বাচন না করলে খালি থাকা আসনের মধ্যে জানালার ধার বা মাঝের যে কোনও একটি সিট যাত্রীকে দেওয়া হয়।
ডিজিসিএ-এর কড়া নিয়ম ও যাত্রীদের স্বস্তি
আসন নির্বাচনের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে অতীতে বহু অভিযোগ জমা পড়েছিল। এই অসন্তোষের কারণেই ভারতের বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) হস্তক্ষেপ করে। নিয়মে স্পষ্ট জানানো হয়েছে, বিমান সংস্থাগুলিকে মোট আসনের অন্তত ৬০ শতাংশ বিনা খরচে যাত্রীদের জন্য উপলব্ধ রাখতে হবে। এছাড়া একই পিএনআর নম্বর থাকা পরিবারের সদস্যদের একসঙ্গে বসানোর ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে যাত্রীদের অহেতুক খরচ ও দুশ্চিন্তা কমার পাশাপাশি টিকিট বুকিং প্রক্রিয়ায় অনেক বেশি স্বচ্ছতা এসেছে।