তীর বেগে ছুটছে মৌসুমি বায়ু! অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার গ্র্যান্ড এন্ট্রি, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা?

কলকাতা: তীব্র গরমের দফারফা করে অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, পুরুলিয়ার পশ্চিমাঞ্চল বাদ দিলে এই মুহূর্তে গোটা রাজ্যই জলভরা মেঘেদের দখলে চলে গিয়েছে। অনুকূল আবহাওয়ার জেরে এবার বেশ দ্রুত গতিতেই এগোচ্ছে বর্ষা।
গত মঙ্গলবার, ৯ জুন উত্তরবঙ্গে পা রেখেছিল বর্ষা। তার ঠিক তিন দিনের মাথায় আজ, ১২ জুন শুক্রবার দক্ষিণবঙ্গেও আনুষ্ঠানিক আগমন ঘটল মৌসুমি বায়ুর। আবহবিদরা জানিয়েছেন, সাধারণত উত্তরবঙ্গ থেকে দক্ষিণে বর্ষা নামতে কিছুটা সময় লাগে; কিন্তু এবার মৌসুমি বায়ুর গতিপথে কোনও বাধা না থাকায় সহজেই তা দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:
মৌসুমি বায়ুর এই দাপুটে অগ্রগতির ফলে রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে:
- উত্তরবঙ্গ: চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস দেওয়া হয়েছে।
- দক্ষিণবঙ্গ: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- কলকাতা: তিলোত্তমাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা শহরবাসীকে গুমোট গরম থেকে অনেকটাই স্বস্তি দেবে।
প্রসঙ্গত, এবার তিন তিনবার তারিখ ‘ফেল’ করার পর অবশেষে গত ৪ জুন কেরালায় ঢুকেছিল বর্ষা। সেখান থেকে গতি বাড়িয়ে মাত্র আট দিনের মাথায় তা গোটা বাংলায় ছড়িয়ে পড়ল। মেঘের এই আনাগোনায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে দক্ষিণবঙ্গ।