পরীক্ষার্থীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত! আগামী রবিবার সকাল থেকেই চলবে মেট্রো, দেখে নিন সময়সূচি

পরীক্ষার্থীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত! আগামী রবিবার সকাল থেকেই চলবে মেট্রো, দেখে নিন সময়সূচি

কলকাতা: আগামী রবিবার (১৪ জুন) রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ডব্লুবিসিএস (WBCS) প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার্থীরা যাতে সঠিক সময়ে এবং নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন, তার জন্য বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী রবিবার সকাল থেকেই ব্লু এবং গ্রিন— দুই লাইনেই বাড়তি মেট্রো চালানো হবে বলে শুক্রবার বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

সাধারণত রবিবারে কলকাতায় সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। কিন্তু আগামী ১৪ জুন পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে, অর্থাৎ সকাল ৮টা থেকেই চালু হয়ে যাবে পাতালরেল।

কোন রুটে কেমন থাকবে সময়সূচি?

  • ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ/শহিদ ক্ষুদিরাম): এই রুটে দুই প্রান্তিক স্টেশন থেকেই সকাল ৮টায় প্রথম মেট্রো ছাড়বে। সকাল ৯টা পর্যন্ত ৩০ মিনিট পরপর ট্রেন মিলবে। এরপর থেকে রবিবারের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে। পরীক্ষার্থীদের ভিড় সামলাতে এই লাইনে অন্যান্য রবিবারের ১৫২টি ট্রেনের পরিবর্তে ওইদিন ১৫৬টি মেট্রো চালানো হবে।
  • গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ): শিয়ালদহ ও হাওড়া স্টেশন হয়ে যাতায়াতকারী পরীক্ষার্থীদের সুবিধার্থে এই রুটেও সকাল ৮টা থেকে মেট্রো চলাচল শুরু হবে। হাওড়া ময়দান এবং সেক্টর ফাইভ— দুই দিক থেকেই প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়। এখানেও সকাল ৯টা পর্যন্ত আধ ঘণ্টা অন্তর ট্রেন পাওয়া যাবে। এই লাইনে ১০৮টির বদলে ওইদিন মোট ১১২টি মেট্রো চলবে।

মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, সকালের দিকে পরিষেবার সময় এগিয়ে আনা এবং ট্রেনের সংখ্যা বাড়ানো হলেও, রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। অন্যান্য রবিবারের মতোই নির্ধারিত সময়েই মিলবে রাতের শেষ ট্রেন। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার পরীক্ষার্থী যানজট এড়িয়ে নিশ্চিন্তে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *