শুধু মুখ বদল নয় ব্যবস্থা বদল! অগ্রাধিকারের তালিকা পেশ করে মূল্যায়নের সময় চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শুধু মুখ বদল নয় ব্যবস্থা বদল! অগ্রাধিকারের তালিকা পেশ করে মূল্যায়নের সময় চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের মাত্র ৩৫ দিনের মাথায় নিজেদের অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তাঁর সরকার শুধুমাত্র দলীয় পতাকা বা ব্যক্তির পরিবর্তন ঘটাতে আসেনি, বরং রাজ্যের সার্বিক ব্যবস্থা ও স্বাদের পরিবর্তন আনাই তাঁদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা ও নেত্রী।

কেন্দ্রীয় সমন্বয় ও কর্মসংস্থানে জোর

পূর্বতন সরকারের আমলে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে রাজ্যবাসীর বঞ্চনা এবং তহবিল তছরুপের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের নিবিড় সমন্বয়ের ফলেই দ্রুত আটকে থাকা অর্থ বরাদ্দ হচ্ছে। এর প্রত্যক্ষ প্রভাব হিসেবে ‘মনরেগা’ বা ১০০ দিনের কাজের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার মাত্র তিন সপ্তাহ বাকি থাকলেও, এই অল্প সময়ের জন্য কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গের জন্য ৭০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি, আগামী দিনে ১২৫ দিনের কাজের বিকল্প প্রকল্প ‘জিরামজি’-র জন্য অর্থবর্ষের বাকি সময়ের জন্য ৫,৮০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যা গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে।

জাতীয় নিরাপত্তা ও জনকল্যাণে অগ্রাধিকার

দায়িত্ব গ্রহণের প্রথম এক মাসে রাজ্য সরকারের কাজ হিসেবে মুখ্যমন্ত্রী মূলত জাতীয় নিরাপত্তা ও কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে জমি হস্তান্তর, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ এবং জনগণনার কাজ শুরু করাকে তিনি সরকারের প্রাথমিক অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন। এর ফলে দীর্ঘদিনের ঝুলে থাকা সীমান্ত সুরক্ষা ও প্রশাসনিক কাঠামো মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের মানুষ যাতে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগ পান, তা বাস্তবে রূপায়ণ করাই এখন প্রধান কাজ। এখনই সরকারের চূড়ান্ত মূল্যায়ন না করে, আগামী অর্থবর্ষের শেষে অর্থাৎ ২০২৭ সালের ৩১ মার্চের পর রাজ্যবাসীকে সম্পূর্ণ কাজের নিরিখে এই নতুন সরকারের বিচার করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *