আইন না পাল্টালে দেশজুড়ে আন্দোলনের হুঙ্কার! টেট পাসের নির্দেশের বিরোধিতায় রাস্তায় নামছেন ১৫ লক্ষ শিক্ষক

কলকাতা: প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের কর্মরত শিক্ষকদের টেট (TET) পাস বাধ্যতামূলক করার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, তা নিয়ে এবার দেশজুড়ে বড়সড় সংঘাতের আবহ তৈরি হলো। দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ের বিরোধিতায় এবার সরাসরি আন্দোলনের হুঁশিয়ারি দিল শিক্ষক সংগঠন ‘অখিল ভারতীয় শৈক্ষিক মহাসঙ্ঘ’।
সংগঠনটির স্পষ্ট দাবি, সংসদের আসন্ন বাদল অধিবেশনে বিল এনে এই আইন পরিবর্তন করতে হবে। আর এই দাবিতেই আগামী ১৮ জুন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাশাসকের (DM) দপ্তরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডেপুটেশন জমা দেওয়া হবে।
শিক্ষক মহাসঙ্ঘের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যদি দ্রুত এই আইন সংশোধন করে কর্মরত শিক্ষকদের ছাড় না দেওয়া হয়, তবে দেশজুড়ে ১৫ লক্ষ সদস্যকে নিয়ে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পর শিক্ষক মহলে যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে, সংগঠনের এই ঝাঁঝালো কর্মসূচি তারই প্রমাণ দিচ্ছে।