হাইকোর্টের নির্দেশে তুলকালাম! বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো তৃণমূল জমানার অবৈধ মিষ্টির দোকান
ঘাটাল: সরকারি ও বেসরকারি জমি দখল করে ব্যবসা চালানোর দিন শেষ! কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে অবশেষে শুক্রবার বুলডোজার নামিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো চন্দ্রকোণার একটি অবৈধ মিষ্টির দোকান। পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতেই চলল এই উচ্ছেদ অভিযান।
চন্দ্রকোণা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়ন্তীপুর এলাকার ৪ নম্বর ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ধারে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, রঞ্জন সিংহ নামে এক স্থানীয় বাসিন্দা পূর্ত দপ্তরের সরকারি জায়গা এবং তার পাশে থাকা কৃষ্ণেন্দু বিকাশ দত্ত নামের এক ব্যক্তির নিজস্ব জায়গা (রায়ত জমি) জোরপূর্বক দখল করে পাকা ঘর তুলে মিষ্টির দোকান চালাচ্ছিলেন। পেশায় ঘাটাল আদালতের আইনজীবী কৃষ্ণেন্দুবাবু নিজের জমি ফিরে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
আদালত অবমাননার পরেই নড়েচড়ে বসল প্রশাসন:
জানা গিয়েছে, গত বছর ১ আগস্ট অবৈধ নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন জমির মালিক। গত ৪ ডিসেম্বর আদালত স্থানীয় প্রশাসনকে তদন্তের নির্দেশ দিলেও সেই কাজ হয়নি। এরপরই প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে পুনরায় সরব হন কৃষ্ণেন্দুবাবু। সেই মামলার প্রেক্ষিতেই গত ২৭ মে হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, ৮ জুনের মধ্যে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে।
আদালতের এই কড়া হুঁশিয়ারির পর আর ঝুঁকি নেয়নি প্রশাসন। শুক্রবার পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বিডিও, ভূমি দপ্তরের আধিকারিক এবং চন্দ্রকোণা থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয় ওই মিষ্টির দোকান। আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত সাধারণ মানুষের জয় হওয়ায় স্বস্তিতে প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।