বাড়ি থেকে উদ্ধার বর্ষীয়ান তৃণমূল নেতা আইনুল হকের ঝুলন্ত দেহ

বাড়ি থেকে উদ্ধার বর্ষীয়ান তৃণমূল নেতা আইনুল হকের ঝুলন্ত দেহ

শিলিগুড়ি: ফাঁসিদেওয়ার বর্ষীয়ান তৃণমূল নেতা তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আইনুল হকের আচমকা অস্বাভাবিক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। শনিবার সকালে নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। এই হেভিওয়েট নেতার আকস্মিক প্রয়াণে রাজনৈতিক মহলে শোক ও রহস্যের ছায়া নেমে এসেছে।

মৃত মহম্মদ আইনুল হক দার্জিলিং জেলা (সমতল) তৃণমূল কংগ্রেসের কোর কমিটিরও অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এলাকায় অত্যন্ত প্রভাবশালী এবং বর্ষীয়ান এই নেতার এমন মর্মান্তিক পরিণতি কেন হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

শনিবার সকালে ঘর থেকে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়ার পরই পুলিশে খবর দেওয়া হয়। ফাঁসিদেওয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *