প্রেসক্রিপশন হারানোর দিন শেষ! সরকারি সার্ভারে থাকবে সব তথ্য, এবার এক ক্লিকেই মিলবে রোগীর ইতিহাস

কলকাতা: এবার থেকে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়ার সময় আর প্রেসক্রিপশন বা রিপোর্টের গুচ্ছের কাগজ বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না। এক ক্লিকেই চিকিৎসকদের কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠবে রোগীর যাবতীয় চিকিৎসার ইতিহাস। রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে স্বচ্ছতা আনতে এবং চিকিৎসাব্যবস্থাকে আরও আধুনিক করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে স্বাস্থ্যভবন। চালু হতে চলেছে বিশেষ ‘প্রেসক্রিপশন ট্র্যাকিং সফটওয়্যার’।
ইতিমধ্যেই স্বাস্থ্যভবনে এই নতুন সফটওয়্যারের প্রাথমিক প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রথম দফায় রাজ্যের ১০টি সরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে (ট্রায়াল মোডে) এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এই তালিকায় রয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ, দুর্গাপুর মহকুমা হাসপাতাল, সিউড়ি সদর হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রগুলো।
কী কী সুবিধা মিলবে এই নতুন ডিজিটাল ব্যবস্থায়?
- ডিজিটাল আইডি: প্রত্যেক রোগীর একটি নির্দিষ্ট আইডি থাকবে। হাসপাতালে গিয়ে শুধু সেই আইডি নম্বরটি বললেই চিকিৎসকেরা কম্পিউটারে তাঁর আগের সব প্রেসক্রিপশন দেখে নিতে পারবেন। সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকার রোগীদের ক্ষেত্রে এর ফলে চিকিৎসার নথিপত্র সামলানোর ঝক্কি এক লহমায় দূর হবে।
- অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে লাগাম: রোগী কতদিন হাসপাতালে ভর্তি ছিলেন এবং তাঁকে কী কী অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, তার সুনির্দিষ্ট ট্র্যাক থাকবে সার্ভারে। এর ফলে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার কমানো সম্ভব হবে।
- অস্পষ্ট হাতের লেখার দিন শেষ: বিগত সরকারের আমলে চিকিৎসকদের অস্পষ্ট হাতের লেখা, জেনেরিক নামের বদলে ব্র্যান্ডের নাম লেখা এবং রোগ নির্ণয়ের (ডায়াগনসিস) স্পষ্ট উল্লেখ না থাকার মতো বহু অভিযোগ উঠত। নতুন সফটওয়্যারে প্রেসক্রিপশন আপলোড হওয়ার ফলে সেই চিরন্তন সমস্যা দূর হবে।
রাজ্যে পালাবদলের পর স্বাস্থ্য বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালের বেড খালি থাকা বা ভর্তি থাকার বিষয়ে স্বচ্ছতা আনার নির্দেশ দিয়েছিলেন। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মতে, এই নয়া সফটওয়্যার মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ বাস্তবায়নে এবং গোটা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।