অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! সুমিতকে খুঁজতে পুলিশের আর্জিতে সিলমোহর আদালতের

মেদিনীপুর: অবশেষে বড়সড় আইনি বিপাকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (PA) সুমিত রায়। দীর্ঘ তল্লাশির পরও হদিস না মেলায় সোমবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করল মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। সুমিতের খোঁজে পুলিশের করা আবেদনের ভিত্তিতেই আজ এই কড়া পদক্ষেপ করলেন বিচারক।
গত কয়েক দিন ধরেই সুমিত রায়ের সন্ধানে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। কিন্তু কিছুতেই তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না। এর পরেই তদন্তের স্বার্থে আদালতের দ্বারস্থ হয় পুলিশ।
কালীঘাটে অভিষেকের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ:
উল্লেখ্য, সুমিতের খোঁজে গত শনিবার সাতসকালে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল কালীঘাটে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিষেকের বাড়ির সামনে পৌঁছে যায় শালবনি থানার পুলিশ। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সুমিতের খোঁজে শেষমেশ তালা ভেঙে ভেতরেও ঢোকেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সুমিতের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন মিলেছিল অভিষেকের বাড়ির ভেতরেই। তবে সেখানে তল্লাশি চালিয়েও সুমিতের দেখা মেলেনি।
একই দিনে হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়। কিন্তু সেখানেও তিনি ছিলেন না। সুমিত রায় এভাবে ক্রমাগত গা ঢাকা দিয়ে থাকায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করাল পুলিশ। এই ঘটনার পর সুমিত রায়ের ওপর চাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।