আবাস যোজনার সার্ভে থেকে বঞ্চিত হলেই ফোন করুন এই নম্বরে! নন্দীগ্রাম থেকে টোল-ফ্রি নম্বর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নন্দীগ্রাম: বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষা ও নাম নথিভুক্তকরণ নিয়ে সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় ‘জনকল্যাণ শিবির’-এর উদ্বোধন করে তিনি স্পষ্ট জানান, আবাস যোজনার সার্ভে থেকে কেউ বঞ্চিত হলে বা তালিকা তৈরিতে কোনও অনিয়ম দেখলে সরাসরি সরকারের হেল্পলাইন নম্বরে অভিযোগ জানাতে পারবেন। আগামী ২০ জুলাই পর্যন্ত আবাস যোজনায় নাম নথিভুক্তির সুযোগ থাকবে।
সরকারের ৫ সপ্তাহ পূর্তিতে এই কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের ১১০০টি স্থানে তিন দিনের জন্য জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। এখান থেকে মানুষ সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পাবেন।”
অভিযোগ জানানোর টোল-ফ্রি নম্বর:
সরকারি পরিষেবা পেতে বা আবাস যোজনার সমীক্ষায় কোনও সমস্যা হলে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর 8282082820 এবং ইমেল আইডি asap@wb.gov.in। এই নম্বরে ফোন করে আবাস যোজনা ছাড়াও অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা সংক্রান্ত যে কোনও সমস্যার কথা জানানো যাবে।
১ জুলাই থেকে ১০০ দিনের কাজ বেড়ে হচ্ছে ১২৫ দিন:
এদিন গ্রামীণ অর্থনীতির স্বার্থে আরও একটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে রাজ্যে ফের ১০০ দিনের কাজ চালু হয়েছে। চলতি জুন মাসের জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গে ১.৫৩ কোটি শ্রম দিবস মঞ্জুর করেছে। আগামী ১ জুলাই থেকে এই প্রকল্পের আওতা বাড়িয়ে ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ পাবেন গ্রামীণ এলাকার মানুষ।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকার আসার এই স্বল্প সময়ের মধ্যেই রাজ্যের প্রায় ৭৯ লক্ষ মহিলাকে ‘অন্নপূর্ণা যোজনা’-র আওতায় আনা সম্ভব হয়েছে। “আপনার সরকার আপনার পাশে রয়েছে”— এই বার্তা দিয়ে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে সমস্ত কেন্দ্রীয় ও সরকারি প্রকল্প সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে বদ্ধপরিকর নতুন রাজ্য সরকার।