রেড রোডে ৪৫ মিনিট যোগাসন করবেন মোদী, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের হাতছানি

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসে এবার গোটা বিশ্বের নজর কাড়তে চলেছে তিলোত্তমা কলকাতা। আগামী ২১ জুন যোগ দিবসের মূল কর্মসূচিতে পশ্চিমবঙ্গে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐতিহ্যবাহী রেড রোডের রাজপথে টানা ৪৫ মিনিট যোগাসন করবেন তিনি। এই মেগা অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে (KMC)। প্রধানমন্ত্রীর সঙ্গে ওই দিন প্রায় ৩০ হাজার মানুষ একসঙ্গে যোগাভ্যাসে অংশ নেবেন। প্রথমবার রেড রোডে আয়োজিত এই বর্ণাঢ্য কর্মসূচি এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার দৌড়ে রয়েছে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করার পর থেকেই সাজ সাজ রব কলকাতায়। শুধু রেড রোডই নয়, ওই দিন গোটা শহরজুড়েই চলবে বিশেষ যোগা সেশন। কলকাতা পুরসভার প্রতিটি বোরোর ৩-৪টি বড় পার্ক ও খেলার মাঠকে এর জন্য চিহ্নিত করা হয়েছে। এছাড়া মোহর কুঞ্জ, রবীন্দ্র সরোবর এবং গঙ্গার পাড়েও সাধারণ মানুষের জন্য বিশেষ যোগাভ্যাসের ব্যবস্থা করা হচ্ছে।
চলছে যোগা কার্নিভাল, থিম ‘সুস্থ বার্ধক্য’:
চলতি বছরের যোগ দিবসের মূল থিম রাখা হয়েছে— ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ।’ তবে শুধু ২১ জুনই নয়, গত ৭ জুন থেকেই রাজ্যজুড়ে একের পর এক থিমের ওপর যোগা কার্নিভাল শুরু হয়ে গিয়েছে। আগামী ১৯ জুন পালিত হবে ‘দৌড় সে ধ্যান’ কর্মসূচি, যেখানে কলকাতা ও সমস্ত জেলায় ২ কিলোমিটার দৌড়ানোর পর ধ্যানে বসবেন সাধারণ মানুষ। এরপর ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে হুগলি নদীর তীরে ড্রোন কার্নিভ্যাল ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হাওড়া ব্রিজে ‘গঙ্গা যোগা করিডর’:
যোগ দিবসের আবহে আরও একটি বড় আকর্ষণ হতে চলেছে কলকাতার লাইফলাইন হাওড়া ব্রিজ। ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী সোমবার ‘গঙ্গা যোগা করিডর’ থিমে হাওড়া ব্রিজের ওপর এক বিশেষ যোগাসন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সেতুর একদিকের ফুটপাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অনন্য যোগাভ্যাসে অংশ নিয়ে ইতিহাস তৈরি করবেন। সব মিলিয়ে মোদীর আগমন ও গিনেস রেকর্ডের হাতছানি— দুইয়ে মিলে যোগ দিবসের আগেই উত্তেজনার পারদ চড়ছে কলকাতায়।