২১ জুন রেড রোডে মোদীর যোগাসন! ১৪ জুন রাত থেকেই বন্ধ রাস্তা, জারি কলকাতা পুলিশের কড়া ট্র্যাফিক অ্যাডভাইজারি

২১ জুন রেড রোডে মোদীর যোগাসন! ১৪ জুন রাত থেকেই বন্ধ রাস্তা, জারি কলকাতা পুলিশের কড়া ট্র্যাফিক অ্যাডভাইজারি

কলকাতা: আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সেজে উঠছে কলকাতার রেড রোড। সেখানে ৪৫ মিনিট যোগাসন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্যে এক বিরাট আয়োজন। এই মেগা অনুষ্ঠানের নিরাপত্তা এবং ভিড় সামলাতে কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে কড়া ট্র্যাফিক গাইডলাইন। ১৪ জুন রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোড। ২১ জুন দক্ষিণ ও মধ্য কলকাতার একটা বড় অংশে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ঘর থেকে বেরোনোর আগে জেনে নিন ট্র্যাফিকের লেটেস্ট আপডেট।

১৪ জুন রাত থেকেই বন্ধ রেড রোড:

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ জুন রাত ১০টা থেকে ২১ জুন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

২১ জুন ভোর থেকে পণ্যবাহী গাড়ির ওপর নিষেধাজ্ঞা:

২১ জুন রাত ২টো থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ি (মালবাহী লরি বা ট্রাক) চলতে দেওয়া হবে না। রাস্তাগুলি হলো—

১. এজেসি বোস রোড (মৌলালি মোড় থেকে দক্ষিণমুখী অংশ)

২. সেন্ট জর্জেস গেট রোড

৩. স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ

৪. সিআর অ্যাভিনিউয়ের দক্ষিণমুখী অংশ

৫. জওহরলাল নেহরু রোডের দুই দিকই

কোন কোন রাস্তা সাধারণ গাড়ির জন্য পুরোপুরি বন্ধ থাকবে?

২১ জুন রাত ২টো থেকে যোগা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এই রাস্তাগুলিতে সাধারণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে—

  • হসপিটাল রোড (পূর্ব ও পশ্চিম), লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ।
  • খিদিরপুর রোডের অংশবিশেষ, আরআর অ্যাভিনিউয়ের নির্দিষ্ট অংশ, গোষ্ঠ পাল সরণি (কিংসওয়ে)।
  • কুইন্সওয়ে, ডাফরিন রোড, আউটরাম রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প এবং মেয়ো রোড।(তবে মেয়ো রোডে কেবল মাত্র অনুষ্ঠানের স্পেশাল পারমিট বা স্টিকার থাকা গাড়িগুলি ঢুকতে পারবে।)

বিকল্প কোন রুটে চলবে গাড়ি?

সাধারণ মানুষের সুবিধার্থে ট্র্যাফিক পুলিশ বেশ কিছু অল্টারনেট বা বিকল্প রুটের ব্যবস্থা করেছে—

  • হাওড়া ও ডালহৌসিগামী বাস: বেলভেডিয়ার রোড, এজেসি বোস রোড, টার্ফ ভিউ এবং এজেসি র‌্যাম্প হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
  • দক্ষিণ কলকাতাগামী গাড়ি: মেয়ো রোড, ডাফরিন রোড এবং জওহরলাল নেহরু রোড হয়ে বিকল্প রাস্তায় পাঠানো হবে।

কলকাতা পুলিশ জানিয়েছে, ২১ জুন পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজন অনুযায়ী শহরের অন্যান্য প্রধান এবং সংযোগকারী রাস্তাতেও আচমকা রুট পরিবর্তন (ডাইভারশন) করা হতে পারে। তাই ২১ জুন রাস্তায় বেরোনোর আগে অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *