বিপদে অভিষেক! মুখ্যমন্ত্রীর কুর্সিতে শুভেন্দু, তাঁর ডাকেই সরকারি অনুষ্ঠানে হাজির কাজরী-ফিরহাদরা

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ ক্রমশ বাড়ছে। একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগে কলকাতা পুরনিগমের তরফ থেকে দফায় দফায় নোটিস যাচ্ছে তাঁর বাড়িতে। আইনি ও প্রশাসনিক গেরোয় অভিষেক যখন কার্যত কোণঠাসা, ঠিক তখনই এক বেনজির রাজনৈতিক সমীকরণের সাক্ষী থাকল তিলোত্তমা।
পুরনিগমের একটি বিশেষ সরকারি অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে সাড়া দিয়ে সশরীরে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ তথা তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর এই উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
তবে শুধু কাজরী বন্দ্যোপাধ্যায়ই নন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস এবং দেবাশিস কুমারের মতো প্রথম সারির ঘাসফুল শিবিরের নেতারাও। একদিকে যখন দলের শীর্ষ নেতার বাড়িতে পুরসভার নোটিস ঘিরে উত্তেজনা তুঙ্গে, তখন অন্য দিকে তৃণমূলের এই হেভিওয়েটদের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে।