গ্রেপ্তার ফেডারেশন-কর্তা স্বরূপ বিশ্বাস! টলিপাড়ার চরম অচলাবস্থা নিয়ে এবার রাজ্যকে তলব হাইকোর্টের

গ্রেপ্তার ফেডারেশন-কর্তা স্বরূপ বিশ্বাস! টলিপাড়ার চরম অচলাবস্থা নিয়ে এবার রাজ্যকে তলব হাইকোর্টের

কলকাতা: টালিগঞ্জ স্টুডিয়োপাড়ার দীর্ঘদিনের গোলমাল, একনায়কতন্ত্র এবং চরম অচলাবস্থা নিয়ে এবার সরাসরি রাজ্য সরকারের জবাব চাইল কলকাতা হাইকোর্ট। বাংলায় ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রি আদেও ঠিকভাবে কাজ করতে পারছে কি না, তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। সোমবার এই সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানিতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জুলাই।

স্টুডিয়োপাড়ায় একসময় একচ্ছত্র আধিপত্য চালানো ফেডারেশন-কর্তা স্বরূপ বিশ্বাসকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শুনানির সময় ফেডারেশনের আইনজীবী জানান, তাঁরা মক্কেলদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও সাড়া পাচ্ছেন না। এর প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন করেন, “তাঁরা কি জেলে আছেন?” তখন আইনজীবী জানান, প্রধান অভিযুক্ত স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেডারেশনের দাদাগিরি বনাম তারকাদের মামলা:

কাজের পরিবেশ নষ্ট করার অভিযোগে বছর দুয়েক আগে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া-র বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যর মতো টলিপাড়ার প্রথম সারির পরিচালকরা। যদিও পরবর্তীকালে রাজনৈতিক সমীকরণের কারণে তাঁদের বড় অংশ মামলা তুলে নেওয়ায় তীব্র সমালোচনা হয়। তবে মূল আবেদনকারীরা পিছু হটলেও, দমে যাননি একজন পরিচালক। তাঁর দায়ের করা আদালত অবমাননার মামলাটিকে হাতিয়ার করেই টলিপাড়ায় কাজের সুস্থ পরিবেশ ফেরাতে অনড় আদালত।

আদালত জানতে চেয়েছে, স্টুডিয়োপাড়ার এই অচলাবস্থা কাটাতে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর এতদিন কী পদক্ষেপ করেছে? প্রথম দিকে ১৪ জন আবেদনকারী থাকলেও বর্তমানে কতজন মামলা লড়ছেন, পরবর্তী শুনানিতে তাও স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির পর হাইকোর্টের এই কঠোর মনোভাব টলিপাড়ার ক্ষমতাশালীদের ওপর চাপ আরও বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *