নিট কেলেঙ্কারির বলি আরও এক তরতাজা প্রাণ! রি-টেস্টের মাত্র ৩ দিন আগে ৬ তলা থেকে ঝাঁপ মেধাবী ছাত্রের

নিট কেলেঙ্কারির বলি আরও এক তরতাজা প্রাণ! রি-টেস্টের মাত্র ৩ দিন আগে ৬ তলা থেকে ঝাঁপ মেধাবী ছাত্রের

আমেদাবাদ: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা বা ‘NEET’ নিয়ে দেশজুড়ে চলা ডামাডোলের মাঝেই ফের মর্মান্তিক ঘটনা! আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-এর পুনঃপরীক্ষা বা রি-টেস্ট। কিন্তু সেই পরীক্ষার মাত্র তিন দিন আগেই চরম পথ বেছে নিলেন এক মেধাবী পরীক্ষার্থী। আমেদাবাদের একটি বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন কহন প্যাটেল নামের ওই কিশোর। এই ঘটনায় ফের একবার প্রশ্নফাঁস এবং পরীক্ষা বাতিলের জেরে পড়ুয়াদের মানসিক হতাশা নিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কী ঘটেছে আমেদাবাদে? পুলিশ সূত্রে খবর, আমেদাবাদের ত্রাগাদ এলাকার ‘অ্যারিস্টো আনন্দম’ আবাসনের বি-ব্লকের ছ’তলায় থাকতেন কহন। বৃহস্পতিবার সকালে নিজের ফ্ল্যাটের বারান্দা থেকেই নিচে ঝাঁপ দেন তিনি। খবর পেয়ে সবরমতী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

আমেদাবাদের এল-ডিভিশনের এসিপি রানা দিগ্বিজয় সিং জানিয়েছেন, দ্বাদশ শ্রেণি পাসের পর নিট পরীক্ষায় বসা কহন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং বাতিল হওয়া আগের পরীক্ষাতেও বেশ ভালো নম্বর পেয়েছিলেন। ২১ তারিখের রি-টেস্টের জন্যই তিনি জোরকদমে প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট না মিললেও, আত্মহত্যার প্রকৃত কারণ খুঁজতে পুলিশ তাঁর ল্যাপটপ খতিয়ে দেখছে। জানা গেছে, বিবাহবিচ্ছেদের কারণে কহনের বাবা (পেশায় আইনজীবী) সুরাটে থাকেন, আর কহন আমেদাবাদে মা ও ভাইয়ের সঙ্গেই থাকতেন।

হতাশায় একের পর এক মৃত্যুমিছিল! উল্লেখ্য, গত ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ব্যাপক অভিযোগ ওঠে। প্রবল বিতর্কের মুখে মূল পরীক্ষাটি বাতিল করে দেয় ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (NTA), যার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। কিন্তু পরীক্ষা বাতিলের পর থেকেই চরম অবসাদ ও হতাশায় ভুগছেন দেশের লাখ লাখ পরীক্ষার্থী।

কহনের মৃত্যুর ঠিক আগেই গত মঙ্গলবার উত্তরাখণ্ডের দেরাদুনে রিয়া কুমারী থাপা এবং তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অনু কীর্তনা নামে দুই নিট পরীক্ষার্থী আত্মঘাতী হন। এর আগে দিল্লি, রাজস্থান থেকেও পড়ুয়াদের আত্মহননের মর্মান্তিক খবর সামনে এসেছে। পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া এই অনিশ্চয়তা এবং মৃত্যুমিছিলের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের চরম ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলেছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ বিরোধী দলগুলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *