ডিমের ভয়ে কাঁটা! ভ্যাপসা গরমে কম্বল জড়িয়ে আদালতে তৃণমূল নেতা

ডিমের ভয়ে কাঁটা! ভ্যাপসা গরমে কম্বল জড়িয়ে আদালতে তৃণমূল নেতা

রায়গঞ্জ: ভ্যাপসা গরমে এমনিতেই নাভিশ্বাস ওঠার জোগাড়! অথচ তার মধ্যেই মাথা থেকে পা পর্যন্ত মোটা কম্বলে ঢাকা এক ব্যক্তি। শুক্রবার রায়গঞ্জ আদালত চত্বরে পুলিশের গাড়ি থেকে এমন অদ্ভুত অবস্থায় এক তৃণমূল নেতাকে নামতে দেখেই চোখ কপালে ওঠে উপস্থিত জনতার।

জানা গেছে, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম অসীম অধিকারী ওরফে নদো। তিনি রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এমন ভ্যাপসা গরমে কেন কম্বল মুড়ি দিলেন তিনি?

পুলিশ সূত্রের খবর, সম্প্রতি দুর্নীতিগ্রস্ত নেতাদের ওপর যেভাবে ‘ডিম-বৃষ্টি’ হচ্ছে, সেই ক্ষুব্ধ জনতার ডিম-হামলার হাত থেকে অসীমকে বাঁচাতেই এই অভিনব পন্থা নেয় রায়গঞ্জ থানার পুলিশ। থানা থেকেই তাঁকে ওই কম্বলটি দেওয়া হয়।

‘চোর চোর’ স্লোগান ও জনতার ক্ষোভ:

আদালত চত্বরে কড়া নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও, অসীমকে দেখামাত্রই ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন ক্ষুব্ধ সাধারণ মানুষ। ডিম ছুঁড়তে না পারার আক্ষেপ নিয়ে শুভশ্রী রায় নামে এক বিক্ষোভকারী বলেন, “যে লোকটা জমি দখল করে, মন্দিরের প্রণামীর টাকা পর্যন্ত আত্মসাৎ করে, সেই দুর্নীতিগ্রস্তকে কেন এত নিরাপত্তা দেওয়া হচ্ছে?”

পরিস্থিতি সামাল দিতে তৎপর ছিল প্রশাসন। রায়গঞ্জ পুলিশ জেলার সুপার কুলদীপ সোনাওয়ানে জানান, ধৃতের বিরুদ্ধে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ রয়েছে, তাই কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছিল। এদিন বিচারক অভিযুক্ত তৃণমূল নেতাকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *