বয়সকে হার মানাতে চান? ‘২০-র চেয়ে ৪০-এ বেশি নমনীয় হতে হবে’, সুস্থতার নয়া মন্ত্র দিলেন মোদী

বয়স কেবলই একটি সংখ্যা! এই প্রবাদকেই যেন আরও একবার মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে এক বিশেষ বার্তায় তিনি জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কাজ করার ক্ষমতা বা সম্ভাবনা যেন কিছুতেই কমে না যায়।
প্রধানমন্ত্রী মোদীর কথায়, “আমাদের লক্ষ্য হওয়া উচিত ২০ বছরের চেয়ে ৪০ বছর বয়সে আরও বেশি নমনীয় হওয়া এবং ৩০-এর চেয়ে ৫০-এ পৌঁছে আরও বেশি উদ্যমী হওয়া।”
তিনি আরও জানান, নিয়মিত যোগব্যায়াম শরীরকে যেমন নমনীয় রাখে, তেমনই দৈনন্দিন জীবনের মানসিক চাপও নিমেষে দূর করে। এর মাধ্যমে আমরা নিজেদের শরীর ও মনকে আরও গভীরভাবে বুঝতে পারি।
সবশেষে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা, ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’—এই কথাটি শুনে মনে হতে পারে এটি কেবল বয়স্কদের জন্য। কিন্তু আদতে নিজেকে সুস্থ রাখতে এই মন্ত্র সব বয়সের মানুষের জন্যই সমানভাবে প্রযোজ্য।