‘রামকৃষ্ণ-স্বামীজির পুণ্যভূমিতে এ এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি!’ বাংলায় এসে আবেগাপ্লুত মোদী

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসে বাংলার মাটিতে উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের মতো মহান সাধকদের পুণ্যভূমিতে দাঁড়িয়ে তিনি এক গভীর আধ্যাত্মিক অনুভূতি লাভ করেছেন বলে জানালেন নমো।
প্রধানমন্ত্রী মোদী এদিন তাঁর বক্তব্যে বলেন, “আজ যোগ দিবসের এই বিশেষ দিনে বাংলায় উপস্থিত থাকতে পারা আমার কাছে এক পরম প্রাপ্তি।” তিনি গর্বের সঙ্গে স্মরণ করিয়ে দেন যে, এই বাংলার মাটি থেকেই স্বামী বিবেকানন্দ সমগ্র বিশ্বকে যোগের দীক্ষা দিয়েছিলেন। পাশাপাশি লাহিড়ী মহাশয়ের মতো প্রখ্যাত যোগীরা এই আধ্যাত্মিক ঐতিহ্যকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন।
মোদীর মতে, বাংলার এই গৌরবময় ইতিহাস ও পুণ্যভূমিতে সকলের সাথে মিলে যোগাভ্যাস করা এক স্বর্গীয় অনুভূতি দিচ্ছে, যা এবারের যোগ দিবসকে আরও বেশি তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তুলেছে।