মহারাষ্ট্রে সফল ‘অপারেশন টাইগার’! উদ্ধবকে জোর ধাক্কা দিয়ে শিন্ডে শিবিরে নিম্বালকর

মুম্বই: জল্পনার অবসান, মহারাষ্ট্রে সফল এনডিএ-র (NDA) ‘অপারেশন টাইগার’। রবিবারের সংসদীয় বৈঠক এড়িয়ে যাওয়ার পরই দলবদলের ইঙ্গিত স্পষ্ট হয়েছিল। আর এবার সরাসরি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিলেন ধারাশিবের উদ্ধব-পন্থী সাংসদ ওমরাজে নিম্বালকর।
রবিবার নিম্বালকর জানান, নিজের নির্বাচনী এলাকার কর্মী-সমর্থকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “আমরা শিন্ডে গোষ্ঠীতে যোগ দিচ্ছি এবং এখন থেকে একনাথ শিন্ডের নেতৃত্বেই মানুষের জন্য কাজ করব।” এই ‘আমরা’ বলতে ঠিক কারা আছেন, তা নিম্বালকর স্পষ্ট না করলেও সূত্রের খবর, উদ্ধব শিবিরের ৯ সাংসদের মধ্যে ৬-৭ জনই এই একই পথে পা বাড়াতে পারেন।
উদ্ধব শিবির ছাড়ার নেপথ্যে মূল কারণগুলি কী কী?
- চরম অপমান ও ক্ষোভ: নিম্বালকরের সমর্থকদের অভিযোগ, উদ্ধব শিবিরে তাঁদের নেতাকে দীর্ঘদিন ধরে উপযুক্ত সম্মান দেওয়া হয়নি। দলের শীর্ষনেতা সঞ্জয় রাউতের কটু মন্তব্য নিয়েও তাঁদের মধ্যে প্রবল ক্ষোভ রয়েছে।
- বাবার খুনের বিচার: বাবার হত্যার সঠিক তদন্ত ও বিচারের জন্যই রাজনীতিতে এসেছিলেন নিম্বালকর। কিন্তু সম্প্রতি আদালত তাঁর বাবা পবনরাজে নিম্বালকরের হত্যা মামলায় অভিযুক্তদের বেকসুর খালাস দিয়েছে। তাঁর ধারণা, বিরোধী শিবিরে থাকলে এই হত্যার সঠিক বিচার পাওয়া সম্ভব নয়।
- কর্মীদের প্রতি বঞ্চনা: সাম্প্রতিক পঞ্চায়েত ও পুরভোটে দলের নিচুতলার কর্মীদের জন্য উদ্ধব ঠাকরে কিছুই করেননি বলে অভিযোগ তুলেছেন নিম্বালকরের সমর্থকরা।
দলবদলের এই বড় ঘোষণার পরই শিন্ডে শিবিরের বিধায়ক তানাজি সাওয়ান্ত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “উন্নয়নের স্বার্থেই সাংসদ ওমরাজে নিম্বালকর আজ থেকে এনডিএ-র হয়ে কাজ করবেন। মহারাষ্ট্রে আমাদের ‘অপারেশন টাইগার’ সফল হলো।”