‘জানিই না দলের টাকা কোথায় খরচ হয়েছে!’ অ্যাকাউন্ট ফ্রিজ বিতর্কে এবার তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন অরূপ

‘জানিই না দলের টাকা কোথায় খরচ হয়েছে!’ অ্যাকাউন্ট ফ্রিজ বিতর্কে এবার তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন অরূপ

কলকাতা: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বিতর্ক এবার নতুন মোড় নিল। দলের শোকজের জবাবে এবার উলটে তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা তথা টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক অরূপ বিশ্বাস।

কয়েকদিন আগেই কোষাধ্যক্ষ হিসেবে ব্যাঙ্কে চিঠি দিয়ে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন অরূপ। এর জেরে জোড়াফুল শিবিরের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেয় ব্যাঙ্ক। এই ঘটনার পর দল তাঁকে কড়া শোকজ করে। সেই শোকজের জবাবেই তিন পাতার একটি বিস্ফোরক চিঠি দিয়েছেন তিনি।

কী কী অভিযোগ করেছেন অরূপ বিশ্বাস?

শোকজের জবাবে অরূপ তাঁর চিঠির ছত্রে ছত্রে দলের বিরুদ্ধেই তোপ দেগেছেন। তাঁর বিস্ফোরক দাবি:

  • দলের কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও তহবিলের টাকা কোথায় যাচ্ছে, তা তাঁকে জানানো হতো না।
  • বিভিন্ন সময়ে তাঁকে অন্ধকারে রেখে এবং কোনও তথ্য না জানিয়েই তাঁকে দিয়ে চেকে সই করিয়ে নেওয়া হয়েছে।
  • দলের তহবিলের বিপুল টাকা ঠিক কোন খাতে এবং কেন ব্যয় হয়েছে, তা তিনি নিজেই জানেন না।
  • এই অস্বচ্ছতার কারণেই তিনি বাধ্য হয়ে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার চিঠি দিয়েছিলেন।

তৃণমূলেই আছেন অরূপ:

একটি সূত্রের খবর, গত ৫ জুনের বৈঠকেই অরূপ বিশ্বাসকে কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দিয়ে তাঁর জায়গায় অন্য একজনকে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শোকজের জবাবে অরূপ স্পষ্ট জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক ডামাডোল ও দলবদলের আবহে তিনি এখনও তৃণমূল কংগ্রেসেই রয়েছেন।

কী বলছে দল?

অরূপ বিশ্বাসকে শোকজ এবং তাঁর এই বিস্ফোরক জবাব প্রসঙ্গে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, “আমি এটুকু বলতে পারি, অরূপ বিশ্বাসের সঙ্গে দলের কমিউনিকেশন (যোগাযোগ) হয়েছে। বাকিটা দলের ভিতরের ব্যাপার। এটা নিয়ে অরূপ বিশ্বাস বা দলই ভালো বলতে পারবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *