গলায় জুতোর মালা, কান ধরে ওঠবস! তারকেশ্বরে চরম অপদস্থ প্রাক্তন পুরপ্রধান

হুগলি: তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে এবার চরম জনরোষের শিকার হলেন শাসকদলের দুই হেভিওয়েট নেতা। গলায় জুতোর মালা পরিয়ে, ডিম ছুঁড়ে চরম অপদস্থ করা হল তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্তকে। অন্যদিকে, জনতার ক্ষোভের মুখে পড়ে ডিম-বৃষ্টির শিকার হলেন তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা রামেন্দু সিংহ রায়ও। সোমবার এই দুই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় হুগলিতে।
গলায় জুতো ও বেল্ট, কান ধরে ওঠবস প্রাক্তন পুরপ্রধানের: বিজেপির অভিযোগ, তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সামন্ত দীর্ঘদিন ধরে তোলাবাজি ও কাটমানি চক্রের সঙ্গে জড়িত। সোমবার এই দুর্নীতির প্রতিবাদেই তাঁকে ঘিরে চরম বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা।
এদিন স্বপনবাবুকে দেখা যায় শুধুমাত্র স্যান্ডো গেঞ্জি ও ট্রাউজ়ার্স পরা অবস্থায়। তাঁর গলায় ঝুলিয়ে দেওয়া হয় ট্রাউজ়ার্সের বেল্ট ও একজোড়া জুতো। এই অবস্থাতেই তারকেশ্বরের পদ্মপুকুর এলাকায় তাঁকে রাস্তায় ঘোরানো হয়। হাঁটতে হাঁটতেই তাঁর গায়ে ছোঁড়া হয় একের পর এক কাঁচা ডিম। এখানেই শেষ নয়, ‘চোর-চোর’ স্লোগানের মাঝে রাস্তার উপরেই তাঁকে কান ধরে ওঠবসও করানো হয়। এককালের প্রভাবশালী নেতার এমন পরিণতিতে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
থানার বাইরে ডিম-হামলা প্রাক্তন বিধায়কের উপর: অন্যদিকে, চরম বিক্ষোভের মুখে পড়েন তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়। উল্লেখ্য, রবিবারই কর্ণাটক থেকে তাঁকে গ্রেফতার করে ট্রানজ়িট রিমান্ডে হুগলির ধনেখালি থানায় নিয়ে এসেছিল পুলিশ।
সোমবার ধনেখালি থানা থেকে বের করে তাঁকে প্রিজন ভ্যানে তোলার সময় আচমকাই ক্ষিপ্ত জনতা তাঁকে লক্ষ্য করে কাঁচা ডিম ছুঁড়তে শুরু করে। এই তুমুল ডামাডোলের মাঝেই কোনওরকমে প্রাক্তন বিধায়ককে প্রিজন ভ্যানে তুলে চুঁচুড়া আদালতের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। জানা গিয়েছে, সোমবারই তাঁকে আদালতে পেশ করা হবে।