‘৫ হাজার লোক জড়ো করতে পারবেন?’ ফিরহাদ-অরূপদের ক্ষমতা নিয়ে দেবাংশুর বিস্ফোরক পোস্ট!

কলকাতা: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলের অন্দরের কোন্দল এবার একেবারে প্রকাশ্য রাস্তায়। এবার দলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসদের সাংগঠনিক ক্ষমতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর এই এক লাইনের খোঁচা ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

কী লিখেছেন দেবাংশু?

সোমবার নিজের ফেসবুক ওয়ালে কোনও নাম না করেই দেবাংশু লেখেন, “আজকে যারা দলের লোগো হাঁকিয়ে অধিবেশন করল, তারা সবাই সম্মিলিতভাবে ডাক দিয়ে পাঁচ হাজার কর্মী একত্রিত করতে পারবে?”

কারও নাম সরাসরি না নিলেও দেবাংশুর তির যে ঠিক কাদের দিকে, তা বুঝতে রাজনৈতিক মহলের বাকি নেই। সোমবার বিকেলেই ‘টিম ঋতব্রত’-র একটি হাইপ্রোফাইল বৈঠক হয়। যেখানে অরূপ রায়কে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং ৩০ জনকে নিয়ে একটি নতুন ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সাবিনা ইয়াসমিনরা। এই কমিটি গঠনের পরই মমতা-ঘনিষ্ঠ এই প্রবীণ নেতাদের জনভিত্তি নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিলেন দেবাংশু।

তীব্র হচ্ছে নবীন-প্রবীণ দ্বন্দ্ব

নির্বাচনে ধাক্কা খাওয়ার পর থেকেই ঘাসফুল শিবিরের অন্দরে পুরনো বনাম নতুন শিবিরের লড়াই তীব্র হয়েছে। মূল সংগঠনের সঙ্গে যুব সংগঠনের দূরত্ব বাড়ছিলই, দেবাংশুর এই পোস্ট তাতে ঘৃতাহুতি দিল। ইতিমধ্যেই নেটপাড়ায় দেবাংশুর এই পোস্টের নিচে মন্তব্যের বন্যা বয়ে গেছে। কর্মীদের একাংশ যেখানে তাঁর এই স্পষ্টবাদিতাকে সমর্থন করছেন, অন্য অংশ আবার প্রশ্ন তুলছেন— দলের অন্দরের ক্ষোভ এভাবে সোশ্যাল মিডিয়ায় আনা কতটা যুক্তিযুক্ত? সব মিলিয়ে, ভোটের পর দেবাংশুর এই ‘খোঁচা’ যে দলের অন্দরের ফাটলকে আরও চওড়া করল, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *