পকেটে পড়বে টান! ১ জুলাই থেকে আধার, গ্যাস-সহ ৫ নিয়মে বিরাট রদবদল
June 23, 202610:25 am

জুন মাস প্রায় শেষের পথে। আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে আধার কার্ড, রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাঙ্কিং নিয়মে বেশ কিছু বড়সড় পরিবর্তন হতে চলেছে। এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। তাই মাস শুরুর আগেই একনজরে জেনে নিন কোন ৫টি নিয়মে বদল আসছে:
- বিনামূল্যে আধার আপডেট: জুলাইয়ের ১ তারিখ থেকে আধার কার্ডে একটি বড় সুবিধা মিলতে চলেছে। ইউআইডিএআই (UIDAI) জানিয়েছে, আগামী ৬ মাস বিনামূল্যে আধার কার্ডে ইমেল আইডি আপডেট করা যাবে। আগে এই কাজের জন্য ৭৫ টাকা ফি লাগত, যা সাধারণ মানুষের সাশ্রয় করবে।
- রান্নার গ্যাসের দাম: প্রতি মাসের ১ তারিখ এলপিজি (LPG) সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে গত ১ জুন বাণিজ্যিক গ্যাস এবং ৫ কেজির সিলিন্ডারের দাম বেড়েছিল। তাই জুলাই মাসেও রান্নার গ্যাসের দামে নতুন করে রদবদলের প্রবল সম্ভাবনা রয়েছে।
- সিএনজি, পিএনজি ও এটিএফ-এর দাম: রান্নার গ্যাসের পাশাপাশি সিএনজি (CNG), পিএনজি (PNG) এবং এটিএফ (ATF)-এর দামও মাসের প্রথম দিন পর্যালোচনা করা হয়। গত মাসে এই জ্বালানিগুলোর দাম বৃদ্ধি পাওয়ায় জুলাইতেও এই দিকে নজর থাকবে মধ্যবিত্তের।
- এইচডিএফসি (HDFC) ক্রেডিট কার্ডের নিয়ম: এইচডিএফসি ব্যাঙ্কের রেগালিয়া গোল্ড (Regalia Gold) ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল আসছে। ডোমেস্টিক এয়ারপোর্টে বিনামূল্যে লাউঞ্জ (Lounge) পরিষেবা পেতে হলে, গ্রাহকদের আগের ত্রৈমাসিকে (কোয়ার্টার) কার্ডের মাধ্যমে অন্তত ৬০,০০০ টাকা খরচ করতে হবে।
- জুলাই মাসে ব্যাঙ্কের ছুটি: জুলাই মাসে সপ্তাহান্তের ছুটি (শনি ও রবিবার) এবং বিভিন্ন রাজ্যের উৎসব মিলিয়ে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আঞ্চলিক উৎসবের ছুটিগুলিও অন্তর্ভুক্ত রয়েছে।