অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ! মালদায় তৈরি হচ্ছে নতুন ৩টি থানা ও জোড়া ফাঁড়ি
July 10, 202610:36 am

ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও নানা অপরাধ রুখতে বড় পদক্ষেপ করল মালদা জেলা পুলিশ। সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত পরিষেবা পৌঁছে দিতে বৈষ্ণবনগর, কালিয়াচক ও হবিবপুর এলাকার তিনটি পুলিশ ফাঁড়িকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করার প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে। এর পাশাপাশি আরও দুটি নতুন আউটপোস্ট তৈরির পরিকল্পনাও রয়েছে।
বর্তমানে সীমান্ত লাগোয়া এলাকাগুলি মূল থানা থেকে অনেকটাই দূরে হওয়ায় যেকোনো জরুরি পরিস্থিতিতে পুলিশের পৌঁছতে দীর্ঘ সময় লাগে। এই সমস্যা মেটাতে কুম্ভীরা, গোলাপগঞ্জ ও বুলবুলচণ্ডী ফাঁড়িকে থানায় রূপান্তর করা হবে এবং হবিবপুরের জাজইল ও বামনগোলার জগদ্দলায় নতুন ফাঁড়ি তৈরি হবে। নতুন এই পুলিশি পরিকাঠামো গড়ে উঠলে দ্রুত অপরাধ দমনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও নজরদারি আরও সুদৃঢ় হবে।