১৫ বছর পর বড় চমক! কলকাতার দুই মূল থানায় এবার মহিলা ওসি
July 10, 202610:55 am

নারী ক্ষমতায়নে বড় চমক দিল রাজ্য সরকার। দীর্ঘ ১৫ বছর পর কলকাতা পুলিশের মূল থানায় দায়িত্ব পেলেন মহিলা আধিকারিকরা। বৃহস্পতিবার ৩৩টি থানার ইন্সপেক্টর পদে রদবদলের নির্দেশিকা জারি হয়। এতে সরশুনা এবং সিঁথি থানার নতুন অফিসার ইনচার্জ পদে নিযুক্ত হলেন যথাক্রমে রূপা সিংহ ও চামেলি মুখোপাধ্যায়। ২০১০ সালে বাম আমলের পর এই প্রথম মূল থানায় মহিলা ওসি এলেন।
নতুন সরকার ক্ষমতায় আসার পর কলকাতা পুলিশে এটি দ্বিতীয় বড় রদবদল। পূর্ববর্তী সরকারের আমলে মহিলা থানা তৈরি হলেও, মূল থানার দায়িত্বে মহিলাদের দেখা যায়নি। বর্তমানে প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালুর মাধ্যমে নারী সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। এবার দুই মহিলা ইন্সপেক্টরকে সরাসরি মূল থানার শীর্ষ পদে বসিয়ে ক্ষমতায়নের বিশেষ বার্তা দিল প্রশাসন।