ভেনিস নয় খোদ কলকাতা! বনেট অবধি জলে ডুবল গাড়ি, টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহর
July 10, 20264:45 pm

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে টানা বৃষ্টিতে কার্যত ভেনিসের চেহারা নিয়েছে কলকাতা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া অঝোর বর্ষণে শহরের একাধিক রাস্তা নদীর রূপ নিয়েছে। সবচেয়ে শোচনীয় অবস্থা ব্যস্ততম ভিআইপি রোডের। হলদিরামের সামনে জলমগ্ন রাস্তায় একটি অ্যাপ-ক্যাব প্রায় বনেট পর্যন্ত ডুবে যায়। জল ঢুকে ইঞ্জিন বিকল হওয়ার আশঙ্কায় রীতিমতো দিশাহারা চালকরা।
শুধুমাত্র চলন্ত গাড়ি নয়, দুর্যোগের জেরে রাস্তার দুই ধারের দোকানপাট এবং খাবারের স্টলগুলিতেও জল ঢুকে গিয়েছে। স্ট্র্যান্ড রোড সহ শহরের বেশ কিছু জায়গায় গাছ ভেঙে ব্যাহত হয়েছে পরিষেবা। জলের স্তর ক্রমশ বাড়তে থাকায় বাস ও ট্যাক্সিগুলি শামুকের গতিতে এগোচ্ছে। সব মিলিয়ে মুষলধারে এই বৃষ্টিতে চরম জলযন্ত্রণার শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।