নতুন ভোটার কার্ড চাই? বাবা-মায়ের এই বিশেষ তথ্য না দিলে বাতিল হবে আবেদন!

নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্তির নিয়মে বড় বদল আনল নির্বাচন কমিশন। অনলাইনে ফর্ম-৬ পূরণের সময় এবার থেকে বাবা-মা বা পূর্বপুরুষের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর (SIR) সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক। এই তথ্য না দিলে আবেদনপত্র জমা নেবে না কমিশন। ইসিআইনেট পোর্টালে যুক্ত হওয়া নতুন নিয়মে আবেদনকারীকে জানাতে হবে, পূর্ববর্তী এসআইআর ভোটার তালিকায় তাঁর নিজের বা পরিবারের কারও নাম ছিল কি না।
এই তথ্য দিলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র, বুথ এবং ভোটার তালিকার ক্রমিক নম্বরও উল্লেখ করতে হবে। দেশজুড়ে ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে ও ভুয়ো নাম বাদ দিতেই এই বিশেষ অভিযান চলছে। কমিশনের মতে, নতুন এই নিয়মের ফলে নতুন ভোটারদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া আরও সহজ হবে এবং নথিপত্রের জটিলতা অনেকটাই কমবে। ফলে, প্রকৃত নাগরিকদের আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও নির্ভুল হবে।