তারকেশ্বরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন ৫ রুটে চালু সরকারি বাস; শ্রাবণী মেলায় চলবে ৪০টি ‘মহাদেব এক্সপ্রেস’

তারকেশ্বর: তারকেশ্বরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে নতুন পাঁচটি রুটে সরকারি বাস পরিষেবা চালু হলো। সোমবার তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে এই পরিষেবার সূচনা করেন স্থানীয় বিধায়ক সন্তু পান এবং পরিবহণ দপ্তরের আধিকারিকরা।
দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের মহিলাদের জন্য ‘বিনামূল্যে সরকারি বাসযাত্রা’ প্রকল্প চালু থাকলেও, তারকেশ্বর থেকে সরাসরি কোনো সরকারি বাস না থাকায় স্থানীয় মহিলারা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বিধায়ক সন্তু পানের বিশেষ আবেদনের প্রেক্ষিতে পরিবহণ দপ্তর এই নতুন রুটগুলি চালুর সিদ্ধান্ত নেয়।
নতুন ৫টি রুট ও গন্তব্য: প্রতিদিন প্রতিটি রুটে একটি করে সরকারি বাস চলাচল করবে:
- তারকেশ্বর-বাঁকুড়া: (কামারপুকুর, জয়রামবাটি, কোতুলপুর, জয়পুর ও বিষ্ণুপুর হয়ে)
- তারকেশ্বর-দীঘা: (আরামবাগ, কামারপুকুর, ক্ষীরপাই, ঘাটাল, মেছেদা, তমলুক ও কাঁথি হয়ে)
- তারকেশ্বর-খড়্গপুর: (আরামবাগ, কামারপুকুর, ক্ষীরপাই, চন্দ্রকোণা, কেশপুর ও মেদিনীপুর হয়ে)
- তারকেশ্বর-বর্ধমান
- তারকেশ্বর-কলকাতা
বাসগুলির নির্দিষ্ট সময়সূচি খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পরিবহণ দপ্তর। এই পরিষেবার ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি মহিলারাও রাজ্য সরকারের বিনামূল্যে বাসযাত্রার সুবিধা নিতে পারবেন।
শ্রাবণী মেলায় বিশেষ ব্যবস্থা: শ্রাবণ মাস উপলক্ষ্যে তারকেশ্বরে আগত পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে পরিবহণ দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে। শ্রাবণ মাস জুড়ে সপ্তাহে তিন দিন কলকাতা ও তারকেশ্বরের মধ্যে ‘মহাদেব এক্সপ্রেস’ নামে অতিরিক্ত ৪০টি বিশেষ সরকারি বাস চালানো হবে। এই পরিষেবাটি ভক্তদের যাতায়াতে বড় স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।