উত্তরপ্রদেশের সঙ্গে টক্কর! ‘অরণ্য সপ্তাহ’ নিয়ে ৭ কোটি গাছ লাগানোর বড় লক্ষ্য শুভেন্দুর

কলকাতা: রাজ্যে শুরু হলো ‘অরণ্য সপ্তাহ’। এই কর্মসূচিকে সামনে রেখে এবার এক বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরপ্রদেশের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে পাল্লা দিয়ে এ বছর রাজ্যে ৭ কোটি ২০ লক্ষ চারা গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার বন দফতরের এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কেবল সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও এই মহৎ কাজে সামিল করতে হবে। তিনি নির্দেশ দিয়েছেন যে, রাজ্যের ৭৫টি রথযাত্রা মেলায় সরকারি সেবা কেন্দ্রগুলি থেকে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চারা গাছ বিতরণ করতে হবে। বিশেষ করে ফলের গাছ এবং উপকূলবর্তী অঞ্চলে নারকেল চারা বিতরণের ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন তিনি।
অন্যান্য রাজ্যের সফল বৃক্ষরোপণ কর্মসূচির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আমি সংবাদমাধ্যমে দেখলাম উত্তরপ্রদেশে ২৬ কোটি চারা গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গও একটি বড় রাজ্য, তাই আমাদেরও উচিত এই ক্ষেত্রে প্রতিযোগিতায় নামা।”
এই কর্মসূচিকে আরও জনমুখী করতে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমি প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি, অরণ্য সপ্তাহ পালন করুন এবং নিজের মায়ের নামে একটি করে গাছ লাগান।”